Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বাংলাদেশ থেকে ভারতে ঢুকে চুরির চেষ্টা, বাধা দেওয়ায় মহিলাকে এলোপাথাড়ি কোপ

বাংলাদেশ থেকে ভারতে এসে চুরির চেষ্টা দুষ্কৃতীর। হাতেনাতে ধরা পড়ায় বাড়ির মহিলাকে কাঁচি দিয়ে মাথায় ও কানে আঘাত করে খুনের চেষ্টা করল এক বাংলাদেশি ও তার ভারতীয় সঙ্গী।

বাংলাদেশ থেকে ভারতে ঢুকে চুরির চেষ্টা, বাধা দেওয়ায় মহিলাকে এলোপাথাড়ি কোপ
  • ২১ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বালুরঘাট: বাংলাদেশ থেকে ভারতে এসে চুরির চেষ্টা দুষ্কৃতীর। হাতেনাতে ধরা পড়ায় বাড়ির মহিলাকে কাঁচি দিয়ে মাথায় ও কানে আঘাত করে খুনের চেষ্টা করল এক বাংলাদেশি ও তার ভারতীয় সঙ্গী। সীমান্তবর্তী হিলি ব্লকের লালপুর গ্রামের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় গুরুতর আহত মহিলাকে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

মঙ্গলবার গভীর রাতে এই হামলার পর পলাতক ছিল ওই বাংলাদেশি দুষ্কৃতী ও তার এক ভারতীয় সঙ্গী। স্থানীয়রাই ওই দুইজনকে খুঁজে বের করে গণধোলাই দেয়। পরে তাদের হিলি থানার পুলিসের হাতে তুলে দেওয়া হয়।  অভিযুক্ত দু’জনকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে পুলিস। এবিষয়ে বালুরঘাট ডিএসপি (সদর) বিক্রম প্রসাদ বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। ওই ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 
পুলিস সূত্রে খবর, ধৃত বাংলাদেশির নাম প্রণব ঘোষ। বাড়ি বাংলাদেশের নওগা জেলায়। তার সঙ্গীর নাম মদন দাস। তার বাড়ি হিলির লালপুকুর এলাকাতে। আক্রান্ত মহিলার স্বামী মত্স্য ব্যবসায়ী। ব্যবসার কাজে তিনি বাইরে গিয়েছিলেন। গত মঙ্গলবার রাতে বাড়িতে একাই ছিলেন ওই মহিলা। বাড়ির পাশেই নাম সংকীর্তন শুনতে গিয়েছিল তাঁর ছেলেমেয়েরা। তাই দরজা খোলা রেখেই ঘুমিয়ে পড়েন ওই মহিলা। সেই সুযোগেই ওই প্রণব ও মদন ঘরে ঢোকে। 
বিষয়টি বুঝতে পেরেই ঘুম থেকে উঠে পড়েন ওই মহিলা। মহিলাটি ‘চোর চোর’ বলে চিৎকার করতেই ঘরের টেবল থেকে কাঁচি হাতে তুলে নেয় ওই বাংলাদেশি দুষ্কৃতী। মহিলার মাথায় কাঁচি দিয়ে কোপ মারে।
এলোপাথাড়ি কোপে মহিলার কান ছিড়ে যায়। প্রতিবেশীরা চিত্কার পেয়ে ঘটনাস্থলে আসার আগেই পালিয়ে যায় দুষ্কৃতীরা। স্থানীয়রাই গুরুতর জখম মহিলাকে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যান। জখম মহিলার কানে পাঁচটি সেলাই পড়েছে। বিষয়টি জানাজানি হতেই পরদিন ওই বাংলাদেশি ও তার সঙ্গীর খোঁজ শুরু হয়। স্থানীয়রাই তাদের খুঁজে বের করে। এবং গণধোলাই দেয়। পরে পুলিস গ্রেপ্তার করে।
বাংলাদেশের একেবারে সীমান্ত ঘেঁষে হিলির লালপুর গ্রাম। বাংলাদেশি দুষ্কৃতীরা প্রায়ই ভারতে ঢুকে চুরি ও অপরাধমূলক কাজ করে পালিয়ে ওপারে চলে যায়। স্থানীয়রা বলছেন, চুরির উদ্দেশ্যে ওই দুষ্কৃতী ভারতে এসেছিল। এপারের মদন দাসকে নিয়ে চুরি করে পালানোর ছক ছিল তার। কিন্তু ওপারে পালিয়ে যাওয়ার আগেই বাংলাদেশি ও তার ভারতীয় সঙ্গীকে ধরে গণধোলাই দেয় উত্তেজিত জনতা। 
এই ঘটনার পর সীমান্তে আরও কড়া নজরদারির দাবি তুলেছেন স্থানীয়রা। আক্রান্ত মহিলার স্বামী মিলন দাস বলেন, বাড়িতে ছিলাম না। সেই খবর স্থানীয় ব্যক্তির মাধ্যমে বাংলাদেশিদের কাছে গিয়েছিল। চুরি করতে না পেরে স্ত্রীকে মারাত্মকভাবে জখম করেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ