নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর-কাণ্ডে নির্যাতিতার আইনজীবীকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলার শুনানিতে নির্যাতিতার মেডিক্যাল রিপোর্ট নিয়ে একজন স্বাধীন বিশেষজ্ঞ চিকিৎসকের রিপোর্ট জমা দেন নির্যাতিতার পরিবারের আইনজীবী সুদীপ্ত মৈত্র ও শামিম আহমেদ। ওই রিপোর্টই হলফনামা আকারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি ঘোষ। এছাড়াও বিচারপতির নির্দেশ, ওই বিশেষজ্ঞ চিকিৎসকের রিপোর্ট সিবিআই এক্ষেত্রে গ্রহণযোগ্য বলে গণ্য করবে কি না, তা নিয়ে সিবিআইকে তাদের মতামত জানাতে হবে। এছাড়া, এদিন মেডিক্যাল বোর্ড, ফরেন্সিক ও ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে প্রশ্ন তুলে সুদীপ্ত মৈত্র দাবি করেছেন, এই কাজ একজনের পক্ষে করা সম্ভব নয়। এক্ষেত্রে সিবিআই যে তদন্ত করেছে তা অসম্পূর্ণ। ১৬ মে মামলার পরবর্তী শুনানি।



