তিয়ানজিন: ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির উপর বৈষম্যমূলকভাবে নিষেধাজ্ঞা চাপানো হচ্ছে। এর বিরুদ্ধে চীনের পাশে দাঁড়াবে রাশিয়া। সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের (এসসিও) বৈঠকে তিয়ানজিন শহরে এসে এমনই মন্তব্য করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রবিবার চীনের সরকারি সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাত্কারে পুতিন জানান, ভারত, ব্রাজিলের মতো বিভিন্ন দেশের উপর চড়া হারে শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির উপর অতিরিক্ত ১০ শতাংশ চাপানো হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। ভারত, ব্রাজিল, চীন ও রাশিয়া—সকলেই ব্রিকসের অন্তর্ভুক্ত।
এদিন সেই প্রসঙ্গ টেনে নাম না করে ট্রাম্পকে বার্তা দিয়েছেন পুতিন। তিনি বলেন, বৈষম্যমূলক মনোভাব নিয়ে যেভাবে নিষেধাজ্ঞা চাপানো হচ্ছে, তাতে ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির আর্থ-সামাজিক উন্নয়ন বাধাপ্রাপ্ত হচ্ছে। আন্তর্জাতিক অর্থভাণ্ডার ও বিশ্বব্যাঙ্কের পুনর্গঠনের জন্য রাশিয়া ও চীন সহায়তা করছে বলেও জানিয়েছেন পুতিন।
এসসিও-র বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি জাপানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধে চীনের জয়লাভের বর্ষপূর্তি অনুষ্ঠানেও যোগ দেবেন রাশিয়ার প্রেসিডেন্ট। এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও বৈঠক করবেন তিনি। পুতিন জানান, তিয়ানজিনের বৈঠকের পর এসসিও আরও শক্তিশালী হবে। বিশ্বের বর্তমান সংকট মেটাতে দশ সদস্যের এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।