নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কেরলে সরকার গড়ছে কংগ্রেস। আইইউএমএল এবং আরএসপির জোটে সরকার গড়া হবে। তবে বাম জোটকে হারিয়ে ইউডিএফ (ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট) সরকার হলেও গান্ধী পরিবারের অন্দরে লেগে গিয়েছে লড়াই। কে হবেন মুখ্যমন্ত্রী, তা নিয়ে রাহুল আর প্রিয়াঙ্কা গান্ধীর মধ্যে মতানৈক্য দেখা দিয়েছে। এআইসিসির সূত্রে জানা গিয়েছে, বিষয়টি নিয়ে সোমবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের বাংলোয় বৈঠক হয়। কারণ, কেরলে গড়তে হবে সরকার। তামিলনাড়ুতে নিতে হবে কৌশলে সঙ্গে সিদ্ধান্ত। তামিলনাড়ুতে একক বৃহত্তম দল টিভিকে।
যদিও সরকার গড়ার ম্যাজিক ফিগার ১১৮ পার করতে পারেনি। তাই কংগ্রেস অথবা ডিএমকের সমর্থন দরকার। কিন্তু যে ডিএমকে জোটকে টিভিকে হারাল, সেই তাকেই সমর্থন দেওয়া কি ঠিক হবে? দোটানায় কংগ্রেস। অসমে আগেই হাল ছেড়েছিল কংগ্রেস। সেই হবে পশ্চিমবঙ্গে চার থেকে পাঁচ আসন আশা করলেও তা হয়নি। তবে শূন্য কাটাতে পেরে কংগ্রেস খুশি। তারই মধ্যে কেরল জয়ে প্রবল আনন্দিত দল। এদিন বেলা বাড়তেই ২৪ আকবর রোডের সামনে দলের অতি উৎসাহী কর্মীরা বাজি ফাটানো শুরু করে দেন। যদিও পরে বলা হয়, আগে পাঁচ রাজ্যের পুরো রেজাল্ট আসুক। সাংবাদিক সম্মেলন ডেকেও পরে তা বাতিল করে দেওয়া হয়।
কর্ণাটক, তেলেঙ্গানা, হিমাচল প্রদেশের পাশাপাশি দখলে এল আর একটি রাজ্য কেরল। তবে জোট সরকারে চলা তামিলাড়ু যে হারতে হবে, তা কল্পনাও করতে পারেনি। তাই কংগ্রেসের স্রেফ কেরল জয় খুশি করতে পারেনি। তারই মধ্যে মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে শুরু হয়েছে টানাপোড়েন। রাহুল গান্ধী চাইছেন, কেরল বিধানসভার বিরোধী দলনেতা ভি ডি সতীশনকেই মুখ্যমন্ত্রী করতে। কিন্তু বোন প্রিয়াঙ্কার পছন্দ কে সি বেণুগোপাল। কারণ, প্রিয়াঙ্কার ওয়েনাড় লোকসভা নির্বাচনে জয়ের পিছনে বেণুগোপালের অবদান রয়েছে। তাই মালওয়ালি না জেনেও দিল্লি থেকে কেরল গিয়ে জিতেছেন প্রিয়াঙ্কা। তার পুরস্কার পাওয়া উচিত বেণুগোপালের।
কিন্তু লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী সবসময় পাশে রাখেন কে সি বেণুগোপালকে। একেবারে পাশের আসনটি তাঁর। লোকসভায় মোদি বিরোধী স্ট্র্যাটেজিতে তাঁর সঙ্গে পরামর্শ করেও এগন রাহুল। তাই বেণুগোপালকে কাছছাড়া করতে চাইছেন না রাহুল গান্ধী। ফলে প্রিয়াঙ্কার সঙ্গে লেগে গিয়েছে বিবাদ। গান্ধী পরিবারের অন্দরেই শুরু মতভেদ। তাই সাংবাদিক সম্মেলন ডেকে বাতিল করে দেওয়া থেকে শুরু করে সেলিব্রেশন, সবই এড়িয়ে গিয়েছে কংগ্রেস। জয়ের পর খোশমেজাজে কেরল বিধানসভার বিরোধী দলনেতা ভি ডি সতীশন। ছবি: পিটিআই