নিজস্ব প্রতিনিধি, বারাসত ও সংবাদদাতা, বনগাঁ, বসিরহাট: এসআইআর করে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে ‘রোহিঙ্গা’ ছেঁটে ফেলার বার্তা দিয়েছিল বিজেপি। তাদের দাবি ছিল, এ রাজ্য নাকি রোহিঙ্গায় ভরে গিয়েছে! কিন্তু শনিবার নির্বাচন কমিশন প্রথম পর্বের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর গেরুয়া শিবিরের ওই দাবি নস্যাৎ হতে বসেছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। কত রোহিঙ্গার নাম বাদ গেল, আতস কাচ খুঁজতে হচ্ছে সেই তথ্য। উলটে বাদ যাচ্ছে বিজেপির নেতানেত্রীদেরই নাম। বাগদার বিজেপি পঞ্চায়েত সদস্যা কবিতা বাইন তেমনই একজন। তাঁর নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়াকে কেন্দ্র করে তুমুল রাজনৈতিক তরজা শুরু হয়েছে। তৃণমূলের দাবি, বিজেপির পাতা ফাঁদ থেকে রেহাই পাচ্ছেন না তাদের দলের সদস্যরাই। যদিও কবিতাদেবীর অভিযোগ, তৃণমূলি বিএলওদের ষড়যন্ত্রে তাঁর নাম বাদ গিয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতেই দেখা যায়, কবিতা বাইনের নাম সেখানে নেই। এ বিষয়ে কবিতাদেবী বলেন, ‘তৃণমূল এবং সিপিএম চক্রান্ত করে ভোটার তালিকা থেকে আমার নাম বাদ দিয়েছে। ২০০২ সালের ভোটার তালিকায় আমার বাবা-মার নাম রয়েছে। আমার বাবা-মার সঙ্গে ভোটার তালিকার লিংক বিডিও নিজে দেখে গিয়েছিলেন।’ বাগদার পঞ্চায়েত প্রধান তথা তৃণমূল নেতা সঞ্জিত সর্দার বলেন, ‘এসআইআর এখন বিজেপির কাছে মরণফাঁদে পরিণত হয়েছে।’ ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে সোমবার রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান মতুয়ারা। বাগদার হেলেঞ্চা ত্রিকোণ পার্কে বিক্ষোভে শামিল হন তাঁরা।



