নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: দুর্গাপুজো নিয়ে হুগলি জেলা প্রশাসনের তৎপরতা শুরু হয়েছে। প্রতিটি ব্লক ও পুর এলাকায় কোন কোন পুজো মণ্ডপ মুখ্যমন্ত্রী উদ্বোধন করতে পারেন, তা চিহ্নিত করে তালিকা পাঠাতে বলেছে জেলা প্রশাসন। পুজো মণ্ডপে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সোমবার থেকে পুলিশও সোমবার থেকে পরিদর্শনে নামছে। প্রতিবছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা সহ জেলার নানা পুজোর উদ্বোধন করেন। ওই সমস্ত পুজো মণ্ডপে স্থানীয় পুলিশ, প্রশাসনের আধিকারিক ও জনপ্রতিনিধিরা উপস্থিত থাকেন। এবারও তার অন্যথা হবে না। কলকাতা থেকেই ভার্চুয়ালি আরামবাগ মহকুমার একাধিক পুজো মণ্ডপ উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। সেজন্য তালিকা চেয়েছে হুগলি জেলা প্রশাসন। এক আধিকারিক বলেন, জেলায় ধাপে ধাপে পুজো মণ্ডপের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন দিনে উদ্বোধন কর্মসূচি থাকে। গতবছর যে সমস্ত পুজো মণ্ডপের উদ্বোধন হয়েছে, সেগুলির পুজো প্রস্তুতি খতিয়ে দেখা হবে। তারপর মুখ্যমন্ত্রী যে সমস্ত মণ্ডপের উদ্বোধন করতে পারেন, তার তালিকা জেলাস্তরে পাঠানো হবে।



