Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬

‘৯০ বছরে যা হয়নি, ১২ বছরে হয়েছে’, হাইড্রোজেন ট্রেন উদ্বোধনে ফের নিজের ঢাক পেটালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে হাইড্রোজেন ট্রেন উদ্বোধন। ১২ বছরে ৯৯% রেল নেটওয়ার্ক বৈদ্যুতিকীকরণ। বিস্তারিত পড়ুন।

‘৯০ বছরে যা হয়নি, ১২ বছরে হয়েছে’, হাইড্রোজেন ট্রেন উদ্বোধনে ফের নিজের ঢাক পেটালেন প্রধানমন্ত্রী
  • ১৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এটা ২০১৪ সাল নয়। মোদি ভবিষ্যতের কথা আগাম বুঝে যান। সেইমতো সমাধানের রাস্তাও তৈরি করে রাখেন। দেশের রেল নেটওয়ার্কের বৈদ্যুতিকীকরণ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এভাবেই নিজের কৃতিত্বের কথা জানিয়ে দিলেন। হরিয়ানার ঝিন্দে শুক্রবার দেশের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন উদ্বোধন করে মোদি দাবি করেছেন, ৯০ বছরেও যা হয়নি, সেই কাজ বিগত ১২ বছরে হয়েছে। তাঁর এই দাবির কারণ, বিশ্বজুড়ে পেট্রল-ডিজেলের সংকট ও জোগানে সমস্যা হওয়ায় তাঁর সরকার আগাম বিকল্প জ্বালানিতে ট্রেন চালানোর পরিকল্পনা করেছে। এই হাইড্রোজেন চালিত ট্রেন তারই প্রমাণ। মোদি তাঁর দূরদৃষ্টি ও কর্মদক্ষতা প্রসঙ্গে বলেন, মোদি আগাম বুঝতে পারেন এবং সেইমতো সমাধানের পথও প্রস্তুত করেন। তাঁর কথায়, ভারতে ১৯২৫ সালে প্রথম ট্রেনের বৈদ্যুতিকীকরণ হয়েছিল। ১৯২৫ থেকে ২০১৪ সাল পর্যন্ত সময়সীমায় অর্থাৎ ৯০ বছরে মাত্র ৩০ শতাংশ ট্রেনের বৈদ্যুতিকীকরণ হয়েছে। বাকি তাবৎ রেল নেটওয়ার্ক তখনও পর্যন্ত ছিল ডিজেল চালিত। ৯০ বছরে মাত্র ৩০ শতাংশ বৈদ্যুতিকীকরণের অর্থ হল, ওই হারে যদি এই ট্রেনে বিদ্যুদায়নের কাজ চলতে থাকত, তাহলে ভারতীয় রেলের সম্পূর্ণ বৈদ্যুতিকীকরণ হতে ২০০ বছর সময় লাগত। সোজা কথায়, ২০০ বছরের আগে ভাতের সম্পূর্ণ রেল নেটওয়ার্ক বিদ্যুৎ চালিত করা সম্ভবত হত না। কিন্তু ২০১৪ সাল থেকে মাত্র ১২ বছরে আমরা ৯৯ শতাংশ রেল নেটওয়ার্কই বিদ্যুৎচালিত করে দিয়েছি।  হরিয়ানার উদাহরণ দিয়ে তিনি বলেন, এই রাজ্যে ১০০ শতাংশ ট্রেন চলছে বিদ্যুতে। এই হাইড্রোজেন চালিত ট্রেনের নাম দেওয়া হয়েছে নমো গ্রিন রেল। এবার সব রাজ্যেই চালানো হবে এই ট্রেন। আপাতত লোকাল ট্রেন হিসেবে চলছে। ঝিন্দ থেকে সোনিপত পর্যন্ত ৫৫ কিলোমিটার দূরত্বে চলবে। মোদি মনে করিয়ে দিয়েছেন, বিশ্বে অল্প কিছু সংখ্যক দেশেই হাইড্রোজেন ট্রেন চলছে। ভারত সেই তালিকায় সংযুক্ত হল।  আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচন। যে ছয় রাজ্যে ভোট হবে, তার মধ্যে বিজেপির কাছে এখনও পর্যন্ত অধরা পাঞ্জাব। বাংলা আগে ছিল। বঙ্গবিজয় হয়ে গিয়েছে। এবার মোদির নিশানায় পাঞ্জাব। আর সেই কারণেই পাঞ্জাবেও প্রচার ও ঘোষণা শুরু হল। শুক্রবার পাঞ্জাবে প্রধানমন্ত্রী ৫ হাজার ৪৭০ কোটি টাকার প্রকল্প ঘোষণা করেছেন। একই সঙ্গে দু’টি নতুন ট্রেন ও অমৃত ভারত স্টেশন উপহার। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ