তেহরান, ৯ জুলাই: ফের অশান্ত হরমুজ। অভিযোগ, যুদ্ধ বিরতি লঙ্ঘন করে মঙ্গলবার হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজের উপর প্রথমে হামলা চালায় ইরান। তারপর, বুধবার সকালে পাল্টা হামলা চালায় মার্কিন সেনা। বিস্ফোরণ হয় ইরানের আব্বাস ও সিরিকে। এই আক্রমণের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান আরো বড় হামলা অপেক্ষা করছে ইরানের জন্য। এরপরেই, বুধবার রাতে ফের ইরানে হামলা চালায় মার্কিন সেনা। এবার আমেরিকার লক্ষ্য ছিল ইরানের বুশেহর। এই শহরে রয়েছে ইরানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এছাড়াও ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম সূত্রে খবর, আমেরিকা হামলা চালিয়েছে তাদের বন্দর শহর চারাবাহার ও কোনারাকে। হামলা চালানো হয় ইরানশাহরের বিমান ঘাঁটিতেও। দক্ষিণ-পূর্ব ইরানের এই বিমান ঘাঁটি ব্যবহার করে ইসলামিক রেভেলিউশনারি গার্ড। ইরানের গণমাধ্যমের খবর অনুযায়ী দেশের দক্ষিণ উপকূলের একাধিক জায়গায় হামলা চালানো হয়েছে।



