Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

জলসঙ্কট: বিজেপি শাসিত মহারাষ্ট্রকেই কটাক্ষ দিলীপের

মহারাষ্ট্র বিজেপিশাসিত রাজ্য। কিন্তু সেখানে সাধারণ মানুষের জলকষ্টের ছবি তুলে ধরে সেখানকার রাজ্য সরকারের দিকেই আঙুল তুলে দিলেন বাংলার বিজেপি নেতা দিলীপ ঘোষ।

জলসঙ্কট: বিজেপি শাসিত মহারাষ্ট্রকেই কটাক্ষ দিলীপের
  • ২২ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মহারাষ্ট্র বিজেপিশাসিত রাজ্য। কিন্তু সেখানে সাধারণ মানুষের জলকষ্টের ছবি তুলে ধরে সেখানকার রাজ্য সরকারের দিকেই আঙুল তুলে দিলেন বাংলার বিজেপি নেতা দিলীপ ঘোষ। সোমবার সামাজিক মাধ্যমে দিলীপবাবু একটি ভিডিও পোস্ট করেন। তাতে দেখা গিয়েছে, কত কষ্ট করে পানীয় জল সংগ্রহ করতে হচ্ছে সেখানকার মহিলাদের। দিলীপবাবু লিখেছেন, মহারাষ্ট্রের নাসিকে বরিচিভারি এলাকায় গরম পড়তে না পড়তেই জলের কষ্ট। এলাকার জলস্তর নীচে নেমে গিয়েছে। মহিলারা দড়ি ধরে কুয়োর ভিতরে নেমে জল তুলছেন। কলসিতে ভরে সেই জল নিয়ে যাচ্ছেন বাড়ি। প্রাকৃতিক কারণেই মহারাষ্ট্রে গ্রীষ্মকালে জলসঙ্কট দেখা যায়। প্রকৃতি এতটাই নিষ্ঠুর যে জল আনতে মাটির গভীরে গিয়ে মাটি খুঁড়ে জলের ব্যবস্থা করতে হয়।

Advertisement

বিজেপি শাসিত মহারাষ্ট্রের সরকার ঠিকমতো নাগরিক পরিষেবা দিতে পারছে না। এই প্রশ্নটাই উঠে গিয়েছে দিলীপের মন্তব্য থেকে। আর ওই মন্তব্য ঘিরে তুমুল ‘জলঘোলা’ শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক পরিসরে। জল গড়িয়ে যাওয়ার আগে বিষয়টিকে ইস্যু করে পাল্টা খোঁচা দিতে দেরি করেনি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। দিলীপবাবুর উদ্দেশে দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘বিজেপির ওই সরকারকে বলুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার মতো ‘জল ধরো জল ভর’ বা আরও নিবিড় জল সরবরাহ বা বাড়ি বাড়ি জলের প্রকল্প চালু করতে।’
এদিন দিলীপের মন্তব্য বিজেপি শিবিরের মধ্যেও যে অস্বস্তি বাড়িয়েছে তা বলার অপেক্ষা রাখে না। তবে বাংলার এই বিজেপি নেতা উল্লেখ করেছেন, সুজলা সুফলা বাংলার মানুষ পরিস্রুত জল পাচ্ছে না। বাংলাতেও বহু জেলা গরমকালে জলশূন্য হয়ে পড়ে।

Advertisement
সম্পর্কিত সংবাদ