নিজস্ব প্রতিনিধি, বারাসত: দীর্ঘ নয় বছরের অপেক্ষার অবসান। ২০১৭ সালে নির্মিত হলেও চালু হয়নি। সেই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের সূচনা হল মঙ্গলবার। বারাসত ১ ব্লকের ছোট জাগুলিয়া পঞ্চায়েতের বহেরা গ্রামে প্রকল্পটির উদ্বোধন হল এদিন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) সুজয় সিকদার, বারাসতের বিধায়ক শংকর চট্টোপাধ্যায়, বারাসত ১-এর বিডিও অভিজিৎ বিশ্বাস প্রমুখ। প্রকল্পের আওতায় পঞ্চায়েতের কর্মীরা প্রতিটি পরিবারের হাতে বালতি তুলে দেবেন। এরপর বাড়ি বাড়ি গিয়ে নির্দিষ্ট পদ্ধতিতে সেই বালতির মাধ্যমে গৃহস্থের কাছ থেকে আবর্জনা সংগ্রহ করা হবে। সংগৃহীত বর্জ্য নির্দিষ্ট কেন্দ্রে নিয়ে গিয়ে প্রক্রিয়াকরণের মাধ্যমে পরিবেশসম্মত উপায়ে ব্যবস্থাপনা হবে। ফলে যত্রতত্র আবর্জনা ফেলার প্রবণতা কমবে, এলাকার পরিবেশ পরিচ্ছন্ন থাকবে এবং সাধারণ মানুষও পরিচ্ছন্নতা অভিযানে সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবেন।
উল্লেখ্য, তৃণমূল সরকারের আমলে নির্মিত এই প্রকল্প দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়েছিল। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে বিষয়টি জানার পর বিধায়ক শংকরবাবু উদ্যোগী হন। এনিয়ে বিধায়ক বলেন, তৃণমূলের আমলে উন্নয়নের পরিবর্তে সরকারি অর্থের অপচয় হয়েছে। মানুষ দীর্ঘদিন ধরে এই সমস্যার কথা আমাকে জানিয়েছেন। সেই অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলে প্রকল্পটি চালু করা হয়েছে। উন্নয়নের কোনো কাজ আর থমকে থাকবে না।



