রাষ্ট্রসংঘ: টানা ছ’বার। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ফের ভেটো দিল আমেরিকা। বৃহস্পতিবার গাজায় স্থায়ী যুদ্ধবিরতি, ত্রাণ সরবরাহে সমস্ত বাধা প্রত্যাহারের দাবিতে রাষ্ট্রসংঘের খসড়া প্রস্তাব পেশ করা হয়। শুধু তাই নয়, হামাসের হাতে আটক বন্দিদের অবিলম্বে মুক্তি দেওয়ার কথাও খসড়া প্রস্তাবে উল্লেখ করা হয়। দেখা গিয়েছে, ১৫ সদস্যের মধ্যে প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১৪টি দেশ। একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। টানা দু’বছর হামাস-ইজরায়েল যুদ্ধ চলছে। রাষ্ট্রসংঘে যুদ্ধবিরতি বন্ধ নিয়ে প্রস্তাবে এনিয়ে ছ’বার ভেটো দিল ওয়াশিংটন। মার্কিন নীতিনির্ধারক উপদেষ্টা মর্গান ওর্টাগাসের কথায়, আমেরিকার এমন সিদ্ধান্তে অবাক হওয়ার কিছু নেই। কেননা ওই প্রস্তাবে হামাসের নিন্দা এবং ইজরায়েলের অধিকার রক্ষার বিষয়টি উল্লেখ করা হয়নি। রাষ্ট্রসংঘে ডেনমার্কের দূত ক্রিস্টিনা লাসেন বলেন, গাজায় ইজরায়েলের অভিযান চলতে থাকায় সেখানকার বাসিন্দাদের জীবনে ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। এই মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে চেয়েছিলাম।



