নয়াদিল্লি: ভারতীয় হকি দলের জার্সির রং নীল থেকে গেরুয়া করা নিয়ে বিতর্ক তুঙ্গে। এরমধ্যে হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ তিরকের একটি ই-মেল প্রকাশ্যে এসেছে। যেখানে তিনি লিখেছেন, জার্সির রদ বদলের বিষয়ে তিনি কিছুই জানতেন না। বিষয়টি কার্যনির্বাহী কমিটিতে আলোচনার জন্য তোলা হয়নি।
ই-মেলের ভাষাতেই স্পষ্ট, জার্সি বদলের সিদ্ধান্ত নিয়ে অসন্তুষ্ট তিরকেও। তবে তাঁর আপত্তি গেরুয়া রং নিয়ে নয়,সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি নিয়ে। তিনি লিখেছেন, ‘রং গেরুয়া করা হয়েছে বলে উদ্বিগ্ন নই। কিন্তু এত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত গ্রহণের আগে তা নিয়ে অবশ্যই আলোচনা হওয়া উচিত ছিল।’ প্রশ্ন উঠেছে, যদি হকি ইন্ডিয়ার কার্যনির্বাহী কমিটিতে আলোচনাই না হয়ে থাকে, তা হলে কার নির্দেশে জার্সির রং বদলে ফেলা হল? সাম্প্রতিক সময়ে দেশের একাধিক ক্রীড়া সংস্থার শীর্ষ পদে কেন্দ্র সরকারের ঘনিষ্ঠদের উপস্থিতি নিয়ে বিরোধীদের অভিযোগ নতুন নয়। ক্রিকেট, ফুটবল, কুস্তি থেকে হকি, প্রায় সর্বত্রই অভিযোগ রয়েছে। সমালোচকদের দাবি, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনেক ক্ষেত্রেই আর শুধু সংশ্লিষ্ট ক্রীড়া সংস্থার মধ্যে সীমাবদ্ধ থাকছে না। বাইরে থেকে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে।