নয়াদিল্লি: ভোটদানকে মৌলিক অধিকার করা হোক। তাহলে ভোটারদের অধিকার আরও বেশি সুরক্ষিত থাকবে। এতে গণতন্ত্র আরও মজবুত হবে। রবিবার এমনই দাবি তুলল কংগ্রেস। নির্বাচন কমিশনের ভোটার তালিকায় স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) নিয়ে বিভিন্ন অভিযোগ উঠেছে। বিশেষ করে, বিপুল সংখ্যায় ভোটারের নাম বাদ পড়া নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন অনেকেই। এরই প্রেক্ষাপটে হাত শিবিরের এই দাবিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
গত শুক্রবার ফুটপাত নিয়ে তাৎপর্যপূর্ণ রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত ঘোষণা করেছিল, ফুটপাত দিয়ে হাঁটা পথচারীদের মৌলিক অধিকার। সেই প্রসঙ্গ তুলেই ভোটদানকে মৌলিক অধিকার করার দাবি জানান কংগ্রেস নেতা জয়রাম রমেশ। এসআইআর সহ বিভিন্ন ইস্যু নিয়ে নির্বাচন কমিশনকে তোপ দাগেন তিনি। জয়রাম বলেন, ‘প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে কাজ করছে নির্বাচন কমিশন। দলীয়ভাবে পক্ষপাতদুষ্ট হওয়ার বিষয়টি প্রকাশ্যে চলে এসেছে। এই পরিস্থিতিতে ভোটদানকে মৌলিক অধিকার করা উচিত। তাহলে ভোটারদের আইনিভাবে আরও বেশি সুরক্ষা দেওয়া যাবে।’ তিনি আরও বলেন, ‘এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন রাজ্যে অন্যায়ভাবে ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। ভোটদান মৌলিক অধিকার হলে আর ভোটারদের অধিকার হরণ ও একতরফাভাবে নাম বাদ দেওয়া যাবে না। একইসঙ্গে নির্বাচন কমিশনের উপর আরও বেশি নজরদারি চালাতে পারবে সুপ্রিম কোর্ট।’ একইসঙ্গে তিনি স্মরণ করিয়ে দেন, ভোটদানকে মৌলিক অধিকার করার পক্ষে সওয়াল করেছিলেন ডঃ বি আর আম্বেদকর ও বাবু জগজীবন রাম।