নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বুথ লেভেল অফিসার (বিএলও) ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এসআইআরের জন্য ফর্ম দিয়ে আসবেন এবং পরে বাড়িতে থেকেই তিনি তা সংগ্রহ করবেন। এমন ব্যবস্থাই চালু করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার থেকে রাজ্যজুড়ে এই প্রক্রিয়াই শুরু হয়েছে। কিন্তু রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) সামাজিক মাধ্যম পেজে মঙ্গলবার পোস্ট করা একটি ভিডিয়ো ক্লিপে অন্যরকম নমুনা দেখানোর ফলে কিছুটা বিতর্ক সৃষ্টি হয়েছে। সেখানে উত্তর ২৪ পরগনার কোনও একটি এলাকার ঘটনা তুলে ধরা হয়েছে (বিধানসভা কেন্দ্রটি উল্লেখ করা হয়নি)। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, একজন মহিলা ভোটার বিএলওর বাড়িতে গিয়ে তাঁর নিজের এবং পরিবারের তিন সদস্যের ফর্ম পূরণ করে জমা দিচ্ছেন। বিএলও সেগুলি সেখানেই পরীক্ষা করে মন্তব্য করছেন, সব ঠিকঠাক হয়েছে। ওই মহিলা যে সেদিনই ফর্ম নিয়ে গিয়ে জমা করছেন সেটাও তিনি উল্লেখ করছেন। বিএলওর কাছেই যে ওই ফর্ম নিয়ে যাওয়া হয়েছিল, তাঁর কথায় সেই ইঙ্গিত স্পষ্ট। কিন্তু কীভাবে একজন ভোটার বিএলওর কাছে গিয়ে ফর্ম জমা দিচ্ছেন, ওই পেজে সেই প্রশ্নই তুলেছেন কেউ কেউ।



