নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ভোটের মুখে নিত্যদিনের যানজটই বড়ো ইস্যু হয়ে উঠেছে দক্ষিণ হাওড়া ও শিবপুর বিধানসভা কেন্দ্রে। রামরাজাতলা ও বাকসাড়া রেল ক্রসিং— দুই জায়গাতেই কিছুক্ষণ পর পর রেলগেট পড়ে যায়। তার জেরেই তৈরি হয় তীব্র যানজট, যা অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা স্থায়ী হয়। যানজটের কারণে নিত্যযাত্রীরা যেমন ভোগান্তিতে পড়েন, তেমনই জরুরি পরিষেবাও কার্যত থমকে যায়। ফলে এই দুই বিধানসভা কেন্দ্রের ভোটারদের কাছে আন্ডারপাস নির্মাণ এখন প্রধান নির্বাচনি দাবি হয়ে উঠেছে।
দক্ষিণ হাওড়ার বাকসাড়া রেল ক্রসিংয়ের উপর নির্ভর করে হাওড়া শহরের ৪০, ৪১, ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ডের লক্ষাধিক মানুষের দৈনন্দিন যাতায়াত। সাঁতরাগাছি-বাকসাড়া এলাকা থেকে কোনা এক্সপ্রেসওয়ে বা শহরের বিভিন্ন প্রান্তে যেতে হলে এই রেলগেট ছাড়া কার্যত বিকল্প পথ নেই। কিন্তু ঘনঘন ট্রেন চলাচলের কারণে প্রায়ই গেট বন্ধ থাকে। ফলে রেলগেটের দু’পাশে তৈরি হয় দীর্ঘ যানজট, আটকে পড়ে ছোটো-বড়ো গাড়ি, অটো, টোটো থেকে শুরু করে অ্যাম্বুলেন্সও। একই চিত্র শিবপুর বিধানসভার রামরাজাতলা রেল ক্রসিংয়েও। সেখানে আন্ডারপাস না থাকায় বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের ভোগান্তি চরমে উঠেছে। বিশেষ করে ব্যস্ত সময়ে যানজট সাঁতরাগাছি মোড় পর্যন্ত গড়িয়ে যায়। দীর্ঘক্ষণ গেট বন্ধ থাকায় জরুরি পরিষেবার গাড়িও আটকে পড়ে, যা নিয়ে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের।এই দীর্ঘস্থায়ী সমস্যার সমাধানে বহু বছর ধরেই রেল ওভারব্রিজ বা আন্ডারপাস তৈরির দাবি জানিয়ে আসছেন বাসিন্দারা। কিন্তু বাস্তবে কোনো অগ্রগতি না হওয়ায় এবারের নির্বাচনে এই ইস্যুকে সামনে এনে প্রার্থীদের জবাবদিহি চাইছেন ভোটাররা।
দক্ষিণ হাওড়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী নন্দিতা চৌধুরী সরাসরি বলেন, ‘বাকসাড়া রেলগেটে রেল ওভারব্রিজ বা আন্ডারপাস তৈরির জন্য ২০২১ সাল থেকে আমি ধারাবাহিকভাবে রেলকে চিঠি দিয়ে আসছি। কিন্তু কেন্দ্রের বঞ্চনার কারণেই কাজ এগয়নি। তবুও আমি আশ্বস্ত করছি, এই সমস্যার স্থায়ী সমাধান এবার হবে।’ অন্যদিকে শিবপুরের তৃণমূল প্রার্থী ডাঃ রানা চট্টোপাধ্যায় বলেন, ‘রামরাজাতলা রেল ক্রসিংয়ে আন্ডারপাস তৈরি এখন সময়ের দাবি। বাসিন্দাদের এই দুর্ভোগ আর চলতে পারে না। আমি নির্বাচিত হলে এই বিষয়ে দ্রুত সদর্থক পদক্ষেপ নেব, এটা আমার প্রতিশ্রুতি।’
তবে স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, সমস্যার গুরুত্ব থাকা সত্ত্বেও এই ইস্যুতে অন্য রাজনৈতিক দলগুলির স্পষ্ট অবস্থান সামনে আসছে না। বিশেষ করে রেল ক্রসিংয়ে আন্ডারপাস তৈরির বিষয়টি মূলত কেন্দ্রের অধীনে হওয়ায় এ প্রসঙ্গে বিজেপি প্রার্থীদের মুখে কোনো আশ্বাস বা প্রতিশ্রুতি শোনা যাচ্ছে না। ফলে দীর্ঘদিনের এই ভোগান্তি কবে কাটবে, তা নিয়ে অনিশ্চয়তা থাকলেও ভোটের ময়দানে রামরাজাতলা ও বাকসাড়া রেল ক্রসিংয়ের যানজট এখন দুই বিধানসভার অন্যতম নির্ণায়ক ইস্যু হয়ে উঠেছে।