সংবাদদাতা, বনগাঁ: একই ব্যক্তির নাম ভোটার তালিকায় রয়েছে দু’জায়গায়। দলীয় নির্দেশে বাড়ি বাড়ি ঘুরে ভোটার তালিকা স্ক্রুটিনি করতে গিয়ে এমনই ঘটনা জানতে পেরেছে তৃণমূল নেতৃত্ব। প্রশাসনের কাছে এনিয়ে অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছে তৃণমূল। এই ঘটনা সামনে আসার পর বনগাঁ পুরসভা এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। যদিও ওই ভোটারের দাবি, অনেক আগে বাড়ির ডাকনাম দিয়ে ভোটার কার্ড তৈরি করেছিলেন তিনি। পরবর্তীতে আসল নাম দিয়ে ভোটার তালিকায় নাম তোলেন। আগের কার্ড প্রশাসনের কাছে জমা দিয়েছেন। তবুও নাম রয়ে গিয়েছে তালিকায়। বনগাঁ পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিপ্লব সেনের দাবি, ২০১৪ সালে বাপ্পা সেন নামে তিনি ভোটার কার্ড তৈরি করান। পরবর্তীতে সেই ভোটার কার্ড জমা দিয়ে তিনি বিপ্লব সেনের নামে কার্ডের জন্য আবেদন করেন। সেই মতো নতুন ভোটার কার্ড তৈরি হয়, যার এপিক নম্বরও নতুন। কিন্তু পুরনো কার্ড বাতিল হয়নি। বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আনা হবে বলে জানিয়েছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলার নারায়ণ ঘোষ। এ বিষয়ে সিপিএম বনগাঁ শহর এরিয়া কমিটির সম্পাদক সুমিত কর বলেন, ‘আমরা প্রতি বছর এই ধরনের ভোটারদের নাম কাটার জন্য নির্বাচন কমিশনের কাছে তালিকা জমা দিই। কিন্তু কোনও কাজ হয় না। এগুলিই তৃণমূলের ভোটব্যাঙ্ক।’



