Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বহরমপুর শহরে রাস্তা দখল করে বসছে সবজির বাজার, তীব্র যানজট ক্ষুব্ধ বাসিন্দারা উদাসীন পুরসভা

বহরমপুর শহরে বহু সবজি বাজারই রাস্তা দখল করে বসছে। রাস্তার উপর বাজার উঠে আসায় যাতায়াত করতে গিয়ে শহরবাসী চরম সমস্যায় পড়ছেন।

বহরমপুর শহরে রাস্তা দখল করে বসছে সবজির বাজার, তীব্র যানজট  ক্ষুব্ধ বাসিন্দারা  উদাসীন পুরসভা
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বহরমপুর: বহরমপুর শহরে বহু সবজি বাজারই রাস্তা দখল করে বসছে। রাস্তার উপর বাজার উঠে আসায় যাতায়াত করতে গিয়ে শহরবাসী চরম সমস্যায় পড়ছেন। ব্যস্ত সময়ে যানজট তৈরি হচ্ছে। বিশেষত সকালে যানজট সমস্যায় স্কুলপড়ুয়া ও অফিস যাত্রীরা চরম দুর্ভোগে পড়ছেন। এঘটনায় ক্ষুব্ধ সাধারণ মানুষ বহরমপুর পুরসভার দিকেই অভিযোগের আঙুল তুলতে শুরু করেছেন। তাঁদের অভিযোগ, পুর কর্তৃপক্ষ নজর না দেওয়ায় সবজি বিক্রেতারা ক্রমশ রাস্তায় উঠে এসেছেন। পুরসভার এক কর্তা বলেন, পুর কর্তৃপক্ষের উদাসীনতার অভিযোগ সত্য নয়। পুরসভার তরফে নিয়মিত সবজি বাজারে অভিযান চালিয়ে রাস্তা দখলমুক্ত করা হয়।

Advertisement

 রোজ সবজি বিক্রেতার সংখ্যা বাড়ায় সমস্যা তৈরি হচ্ছে। বহরমপুর পুরসভার বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু সবজি বাজার। কোনো কোনো এলাকায় বাজারের আয়তন অনেক বড়ো। শহরের বড়ো সবজি বাজারগুলি হল স্বর্ণময়ী বাজার, কান্দি বাসস্ট্যান্ড সবজি বাজার, নতুন বাজার, মধুপুর সবজি বাজার, গোরাবাজার, কোর্ট বাজার (রাতেও খোলা থাকে)। এর মধ্যে মেডিকেল কলেজ লাগোয়া স্বর্ণময়ী বাজার, কান্দি বাসস্ট্যান্ড, মধুপুর বাজার, নতুন বাজারের একাংশ রাস্তা দখল করেই চলে। স্বর্ণময়ী বাজারের নির্দিষ্ট জায়গা রয়েছে। কিন্তু স্থান সংকুলান না হওয়ায় বিক্রেতারা রাস্তাতেই পসরা সাজিয়ে বসছেন। মেডিকেল কলেজ ও বহরমপুর কোর্ট স্টেশন যাওয়ার এই রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ এই রাস্তায় অধিকাংশ সময় যানজটের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দা বিকাশ সরকার বলেন, রাস্তার উপর বাজার উঠে আসায় তা সংকীর্ণ হয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই যানজট তৈরি হচ্ছে। একই অবস্থা কান্দি বাসস্ট্যান্ড এলাকায়। প্রতিদিন আবর্জনাবোঝাই পুরসভার গাড়ি এই রাস্তা দিয়ে ডাম্পিং গ্রাউন্ডে যাওয়া-আসা করে। গঙ্গার পাড় ধরে লালবাগ যাওয়ার এই রাস্তায় প্রচুর টোটো, অটোর চাপ রয়েছে। তার মধ্যেই রাস্তা দখল করে বাজার বসে। তবে, সাধারণ মানুষকে সব থেকে বেশি দুর্ভোগ পোহাতে হয় খাগড়া এলাকায় নতুন বাজারে। এখানে কার্যত বিক্রেতারা রাস্তার দু’পাশ দখল করে রেখেছেন। এই এলাকায় সবজির পাইকারি বাজার রয়েছে। এখানে রাস্তা এত সংকীর্ণ হয়ে গিয়েছে যে, দুপুর পর্যন্ত যানজট লেগেই থাকে। এখানে রাস্তার পাশে একটি গার্লস স্কুল রয়েছে। স্কুলে যেতে গিয়ে পড়ুয়ারা যানজটে আটকে পড়ে। এলাকাবাসীর অভিযোগ, কান্দি বাসস্ট্যান্ড এলাকায় পুরসভা কর্তৃপক্ষ অভিযান চালালেও নতুন বাজারে পুর কর্তৃপক্ষের কারও দেখা মেলে না। স্থানীয় বাসিন্দা জনময় বিশ্বাস বলেন, নতুন বাজারের উপর দিয়ে কান্দি বাসস্ট্যান্ড পর্যন্ত যেতে কালঘাম ছুটে যায়। সবটাই বেপরোয়া সবজি বিক্রেতাদের দাপটে। পুরসভার উদাসীনতায় সমস্যা ক্রমশ বাড়ছে। শহরবাসীর দাবি, এখনই ব্যবস্থা না নিলে দুর্ভোগ আরও বাড়বে।

Advertisement
সম্পর্কিত সংবাদ