Bartaman Logo
৯ জুন, ২০২৬

শূন্যপদ পূরণ হচ্ছে না, নিম্ন আদালতে ঝুলে সাড়ে ৬ কোটিরও বেশি মামলা

দেশের নিম্ন আদালতে দিনের পর দিন জমছে মামলার পাহাড়। বছর বছর তা বাড়ছে। আর বৃদ্ধির অন্যতম কারণ কর্মী সঙ্কট। ফাঁকা পড়ে রয়েছে বহু পদ।

শূন্যপদ পূরণ হচ্ছে না, নিম্ন আদালতে ঝুলে সাড়ে ৬ কোটিরও বেশি মামলা
  • ৪ আগস্ট, ২০২৫ ০৪:০১
Prefer us on Google

সন্দীপ স্বর্ণকার, নয়াদিল্লি: দেশের নিম্ন আদালতে দিনের পর দিন জমছে মামলার পাহাড়। বছর বছর তা বাড়ছে। আর বৃদ্ধির অন্যতম কারণ কর্মী সঙ্কট। ফাঁকা পড়ে রয়েছে বহু পদ। তাই সাধারণ মানুষ যেখানে দ্রুত মামলার নিষ্পত্তি চায়, সেখানে সরকারি কর্মী সঙ্কট এবং জমতে থাকা মামলার পাহাড়ের রিপোর্ট সামনে আসায় বিষয়টি চিন্তারই বটে। সরকারের ওপরও এ ব্যাপারে রাজনৈতিক চাপ বাড়ছে। 

Advertisement

সরকারি সূত্রে জানা গিয়েছে, গোটা দেশে এই মুহূর্তে জেলা তথা নিম্ন আদালতে (ডিস্ট্রিক্ট এবং সাবঅর্ডিনেট) ৬ কোটি ৬৬ লক্ষ ৬৯ হাজার ৬২৪টি মামলা নিষ্পত্তির অপেক্ষায় পড়ে রয়েছে। পাঁচ বছর আগেও ছিল ৩ কোটি ৭২ লক্ষ ৮৫ হাজার ৭৪২। অর্থাৎ পাঁচ বছরে নিম্ন আদালতে নিষ্পত্তি না হওয়া মামলা বেড়ে দ্বিগুণ হয়েছে। মূলত জুডিসিয়াল অফিসারের অভাবই এর অন্যতম কারণ। পশ্চিমবঙ্গের নিম্ন আদালতে নিষ্পত্তির অপেক্ষায় থাকা মামলার সংখ্যা ৩৫ লক্ষ ৭৬ হাজার ১৮৩। দেশের মধ্যে নিম্ন আদালতে সবচেয়ে বেশি মামলা পড়ে রয়েছে উত্তরপ্রদেশে। ১ কোটি ১৩ লক্ষ ৯৪ হাজার ১০৫। মোদি রাজ্য গুজরাতেও কম নয়। নিষ্পত্তির অপেক্ষায় পড়ে রয়েছে ১৬ লক্ষ ৪৮ হাজার ৫০৯ টি মামলা। 
কর্মী সংখ্যার ঘাটতিও উল্লেখযোগ্য। পদ থাকা সত্ত্বেও কেন তা পূরণ হচ্ছে না, তা নিয়ে উঠছে প্রশ্ন। সরকারি সূত্রে জানা গিয়েছে, জেলা আদালতে গোটা দেশে অনুমোদিত জুডিসিয়াল অফিসারের পদের সংখ্যা ২৫ হাজার ৮৪৩। সেখানে খালি পড়ে রয়েছে ৪ হাজার ৭২১ টি পদ। দেশের মধ্যে সবচেয়ে বেশি খালি পড়ে বিজেপির ডাবল ইঞ্জিন রাজ্য উত্তরপ্রদেশে। এখানে অনুমোদিত পদ ৩ হাজার ৭০০। কিন্তু তার মধ্যে ফাঁকা পড়ে রয়েছে ১ হাজার ২৫ টি পদ। মোদি-শাহ রাজ্য গুজরাতেও বা কম কীসের! ১ হাজার ৭২০ টি জুডিসিয়াল অফিসার পদের মধ্যে খালি ৫৩৫। পশ্চিমবঙ্গে অনুমোদিত পদ ১ হাজার ১০৫। তার মধ্যে ফাঁকা পড়ে ২৩০। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের পাশাপাশি আন্দামান-নিকোবরও কলকাতা হাইকোর্টের অধীন। 

সম্পর্কিত সংবাদ