নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: উত্তরপাড়া শহরের প্রবেশ তোরণের একাংশে ফাটল ধরেছে। এই ঘটনাকে কেন্দ্র করে পথচারী ও বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। বাসিন্দাদের অভিযোগ, তোরণের উপরের দিকে একটি বড় অংশ মূল কাঠামো থেকে ঝুলছে। সেটি খসে পড়লে বড়সড় বিপদ হতে পারে। ব্যস্ত জি টি রোডের উপর ওই তোরণটি রয়েছে। ফলে, আতঙ্ক আরও বেশি করে ছড়িয়েছে। প্রসঙ্গত, কয়েক বছর আগে বহু টাকা ব্যয়ে শহর সাজানোর প্রকল্প হাতে নিয়েছিল উত্তরপাড়া কোতরং পুরসভা। সেই পরিকল্পনার আওতাতেই কলকাতা বা হাওড়ার দিক থেকে শহরে ঢোকার মুখে তোরণটি তৈরি করা হয়। ওই তোরণে ফাটল ধরায় আতঙ্ক ছড়িয়েছে। যদিও পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব বলেন, পুরসভার বাস্তুকারদের দিয়ে তোরণ পরিদর্শন করানো হয়েছে। আমরা দ্রুত এ ব্যাপারে পদক্ষেপ করব। বাসিন্দাদের নিরাপত্তা আমাদের দায়িত্ব। এ নিয়ে অবহেলা করা হবে না।



