নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: পুর পরিষেবাকে আরও সহজে নাগরিকদের মাঝে নিয়ে যেতে কিয়স্ক চালু করল উত্তরপাড়া পুরসভা। পুরসভার অফিস ভবনের নীচেই ওই কিয়স্ক চালু করা হয়েছে। ফলে, একাধিক পরিষেবা পাওয়ার জন্য বাসিন্দাদের আর পুরকর্মীদের জন্য অপেক্ষা করতে হবে না। তাঁরা নিজেরাই ওই কিয়স্কে গিয়ে কর জমা, মিউটেশনের আবেদন, জলের সংযোগ ইত্যাদি কাজ করতে পারবেন। একদিকে যেমন আধুনিক পরিষেবা মিলবে, তেমনই পুরকর্মীদের মর্জিমাফিক কাজের উপর নির্ভর করতে হবে না নাগরিকদের। ইতিমধ্যেই এই পরিষেবা দেওয়ার কাজ শুরু হয়েছে। এর পাশাপাশি পুরভবনকেও আধুনিক করার পরিকল্পনা করা হচ্ছে। ইতিমধ্যেই পুরসভার মূল ফটকে সেন্সর লাগানো হয়েছে। নাগরিকরা পুরসভার দরজার সামনে এসে দাঁড়ালে তা নিজে থেকেই খুলে যাবে এবং বন্ধ হবে।
Advertisement
পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব বলেন, পরিষেবাকে নাগরিকবান্ধব করতেই কিয়স্ক চালু করা হয়েছে। পুরসভার সিংহভাগ পরিষেবাই মিলবে এই কিয়স্ক থেকে। এটিএম কাউন্টারের মতো বোতাম টিপে, টাচ স্ক্রিন ব্যবহার করে নাগরিকরা তাঁদের প্রয়োজনীয় পরিষেবা বাছাই করতে পারবেন। এই কাজের জন্য আর পুরকর্মীদের উপর নির্ভর করতে হবে না। পাশাপাশি, আমরা গোটা পুর ভবনকেই আধুনিক সাজে সাজাতে চাইছি। সেন্সর নির্ভর দরজা তার প্রথম পদক্ষেপ। নাগরিকদের একাংশ যেমন এর প্রশংসা করেছে, তেমন সমালোচনার সুরও শোনা গিয়েছে। বিজেপির রাজ্যনেতা স্বপন পাল বলেন, পুর পরিষেবার মান কি আধুনিক হয়েছে? মানুষ আধুনিক পরিষেবা চান। সেটি বেশি জরুরি। পরিষেবাকে আধুনিক করতে গিয়ে যন্ত্রনির্ভর বা চটকদার করার চেয়ে মানুষের উপযোগী করে তোলা জরুরি।
গত এক বছর ধরে পরিষেবা দেওয়ার ব্যবস্থাকে আধুনিক ও গতিশীল করার উপর জোর দিচ্ছেন উত্তরপাড়ার পুরকর্তারা। অফিসের কাজে গতি আনতে একাধিক পরিষেবা কাউন্টারের পাশাপাশি ভিন্ন ব্যবস্থাও চালু করা হয়েছে। দু’টি এমন কাউন্টার রয়েছে, যেখানে একসঙ্গে যাবতীয় পরিষেবা পাওয়া যায়। সেই দু’টি পুরোদস্তুর কম্পিউটার নির্ভর কাউন্টার। এবার কম্পিউটারের নিয়ন্ত্রণ সরাসরি মানুষের হাতেই তুলে দিতে কিয়স্ক চালু করা হল। পুরকর্তাদের দাবি, মানুষ এখন মোবাইলের দৌলতে ডিজিটাল মাধ্যমে অনেক সক্রিয়। ফলে এবার নিজেদের প্রয়োজনে সেই সক্রিয়তাকে তাঁরা কিয়স্কে ব্যবহার করুন, এটাই আমরা চাই। এতে যেমন নিজেদের ইচ্ছামতো পরিষেবা বাছাই করতে পারবেন, তেমনই পরিষেবায় গতি আসবে। ভোগান্তি কমবে নাগরিকদের।