Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় যাওয়ার কোনও বাস নেই, দুর্ভোগ বাড়ছে

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় যাওয়ার কোনও বাস নেই, দুর্ভোগ বাড়ছে
  • ২৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রামপুরহাট: যাত্রীদের চাহিদা থাকলেও রামপুরহাটে এসবিএসটিসির ডিপো থেকে সেভাবে দূরপাল্লার সরকারি বাস পরিষেবা মিলছে না। বিশেষ করে এই ডিপো থেকে উত্তরবঙ্গে যাওয়ার কোনও বাস নেই। তেমনই বাঁকুড়া, পুরুলিয়া যাওয়ারও বাস নেই। উল্টে রামপুরহাট- মালদহ রুটে যে পরিষেবা চালু ছিল তাও দীর্ঘ কয়েক মাস ধরে বন্ধ রয়েছে। যার জেরে যাত্রী দুর্ভোগ বাড়ছে। এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মণ্ডল বলেন, মার্চের মধ্যেই বেশকিছু রুটে নতুন বাস পরিষেবা চালু হবে। তখন আশাকরি এই সমস্যা থাকবে না। সেইসঙ্গে বন্ধ থাকা রামপুরহাট-মালদহ রুটে বাসটি দ্রুত চালু করা যায় কিনা দেখছি।  
Advertisement
এরই মধ্যে খুশির খবর বীরভূমবাসীর জন্য। এই জেলার উপর দিয়ে যাওয়া শুরু করেছে শিলিগুড়ি-বাঁকুড়া সরকারি শীতাতপ নিয়ন্ত্রিত বাস পরিষেবা। বাসটির এই জেলার নলহাটি, রামপুরহাট, সিউড়ি, দুবরাজপুর ও ইলামবাজারে স্টপেজ রয়েছে। 
রানিগঞ্জ-মোড়গ্রাম ৬০নম্বর জাতীয় সড়কের অধিকাংশ বীরভূমের উপর দিয়ে গিয়েছে। এই রাস্তাই দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগের অন্যতম মাধ্যম। উত্তর ও দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ভিনজেলার ডিপো থেকে বহু বাস এই রাস্তায় চলাচল করে। কিন্তু এই জেলায় এসবিএসটিসির পৃথক কোনও ডিপো বা টার্মিনাস ছিল না। সিউড়িতে থাকা এনবিএসটিসির ডিপো তারা ব্যবহার করত। 
গত বিধানসভা ভোটের আগে নবান্ন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বীরভূম জেলায় প্রথম পৃথক এসবিএসটিসির রামপুরহাট ডিপো ও বাস টার্মিনাসের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ডিপো থেকে কলকাতা রুটে চারটি, বর্ধমান, আসানসোল, মালদহ, সিউড়ি, বহরমপুর মিলিয়ে ১০ টি বাস চলাচল শুরু করে। পরবর্তী সময়ে এখান থেকে আরামবাগ ও পাইকরের কুশমোড় পর্যন্ত দু’টি বাস চালু করা হয়। আরও একটি বাস রামপুরহাট মেডিক্যাল কলেজের পড়ুয়াদের চকমণ্ডলা হস্টেল থেকে নিয়ে যাতায়াত করে। 
কিন্তু এখান থেকে পুরুলিয়া বা বাঁকুড়া, ঝাড়গ্রাম সহ বিভিন্ন এলাকায় যাওয়ার কোনও বাস পরিষেবা নেই। রামপুরহাট থেকে মালদহ ও আরামবাগ যাওয়ার বাসটি কয়েকমাস ধরে বন্ধ। তেমনই কলকাতা রুটে একটি বাস কমেছে। ফলে যাত্রী দুর্ভোগ অনেকটাই বেড়েছে। দপ্তরের এক কর্তা বলেন, রামপুরহাট ডিপো থেকে বালুরঘাট, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং নগর শেরপুর দিয়ে কলকাতা পর্যন্ত বাসের চাহিদা রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গে যাওয়ার চাহিদা বেশি। সেইসঙ্গে  রামপুরহাট থেকে কলকাতা এসি বাস চালু করারও দাবি রয়েছে। তিনি বলেন, পনেরো বছরের পুরনো বাস বাতিল হওয়ায় এই সমস্যা হয়েছে। অনেক কর্মী অবসর নিচ্ছেন। সেখানে নতুন করে কোনও কর্মী নিয়োগ হচ্ছে না। 
যদিও সুভাষবাবুর আশ্বাস মার্চের মধ্যেই সমস্যা অনেকটা মিটে যাবে। পাশাপাশি তিনি বলেন, খুব শীঘ্রই বহরমপুর থেকে শিলিগুড়ি এসি বাস চালু হবে। সিউড়ি থেকে শিলিগুড়ি পর্যন্তও একটি এসি বাস চালুর চিন্তাভাবনা চলছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ