Bartaman Logo
১৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

উত্তরবঙ্গ মেডিক্যালের সুপার স্পেশালিটি ব্লকে চালু ইন্ডোর পরিষেবা  

উত্তরবঙ্গ মেডিক্যালের সুপার স্পেশালিটি ব্লকে চালু ইন্ডোর পরিষেবা
 
  • ২৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, শিলিগুড়ি: অবশেষে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার স্পেশালিটি ব্লকের ইন্ডোর পরিষেবা চালু হল মঙ্গলবার। হাসপাতালে পুরনো বিল্ডিং থেকে ১০ বেডের কার্ডিওলজি আইসিসিইউ বিভাগ সুপার স্পেশালিটি ব্লকে সরিয়ে নিয়ে যাওয়া হল। 
Advertisement
এদিন সুপার স্পেশালিটি ব্লকে কার্ডিওলজি বিভাগের ঘুরে দেখেন শিলিগুড়ির মেয়র তথা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সরকার পক্ষের প্রতিনিধি গৌতম দেব। তার আগে রোগী কল্যাণ সমিতির বৈঠক করেন তিনি। বৈঠক শেষ করে গৌতম দেব বলেন, হাসপাতালের পরিষেবা উন্নতি করার পাশাপাশি নিরাপত্তার দিকেও জোর দেওয়া হচ্ছে। সম্প্রতি রাজ্যের মেডিক্যাল কলেজগুলির নিরাপত্তার জন্য গঠিত সরকারের কমিটির প্রধান সুরজিৎ কর পুরকায়স্থ এখানে পরিদর্শনে এসেছিলেন। তিনি যে যে প্রস্তাব দিয়ে গিয়েছেন সেগুলি দ্রুত বাস্তবায়িত করা হবে। সেই প্রস্তাবের মধ্যে রয়েছে হাসপাতাল চত্বরে থাকা অবৈধ দোকান এবং চারদিকে অপ্রয়োজনীয় গেট বন্ধ করে দেওয়া। দ্রুত সব অবৈধ দোকান সরিয়ে দেওয়া হবে, গেটও বন্ধ করা হবে। পুরনো যে ব্যবসায়ীরা এখানে দীর্ঘদিন ধরে দোকান করছেন তাঁদের পুনর্বাসনের বিকল্প জায়গা দেওয়ার বিষয়টি ভাবা হবে। এদিকে, হাসপাতালের পরিষেবা উন্নয়নের ক্ষেত্রে পোর্টেবল ডায়ালাইসিস মেশিন কেনার ব্যাপারে স্বাস্থ্য ভবনের সঙ্গে গৌতমবাবু কথা বলবেন বলে জানান। 
হাসপাতাল সূত্রে খবর, সুপার স্পেশালিটি ব্লকে সেন্ট্রাল ল্যাব চলে যাবে। সেই জায়গায় যৌথ উদ্যোগে পরিচালিত এমআরআই সেন্টারটি সরিয়ে নেওয়া হবে। পুরনো যে সংস্থা এমআরআই সেন্টার চালাচ্ছিল তাদের মেয়াদ ৩১ ডিসেম্বর শেষ হয়ে গিয়েছে। এখন হাসপাতালের এমআরআই  মেশিন চলছে। তাতে চাপ বাড়ছে। ফেব্রুয়ারির মধ্যে এই সমস্যার সমাধান হবে বলে প্রকাশ করেন গৌতমবাবু। হাসপাতালে পরিষ্কার করা প্রসঙ্গে মেয়র বলেন, ১৫  দিন অন্তর যাতে হাসপাতালের জমা জঞ্জাল সরিয়ে নেওয়া যায় সেব্যাপারে স্বাস্থ্য ভবনের সঙ্গে কথা বলা হবে। 
অন্যদিকে, হাসপাতাল সুপার ডাঃ সঞ্জয় মল্লিক বলেন, পোর্টেবল ক্যাথল্যাব আনার ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে। তাতে কম হলেও কিছু রোগীকে আমরা অ্যাঞ্জিওগ্রাম, অ্যাঞ্জিওপ্লাস্টির পরিষেবা দিতে পারব। 
Advertisement
সম্পর্কিত সংবাদ