Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

উত্তরবঙ্গ এক্সপ্রেসে কোচের সংখ্যা বৃদ্ধির দাবি

উত্তরবঙ্গ এক্সপ্রেসে কোচের সংখ্যা বৃদ্ধির দাবি
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, দিনহাটা: উত্তরবঙ্গ এক্সপ্রেসে স্লিপার কোচের সংখ্যা কমানো হয়েছে। ন’টির পরিবর্তে বর্তমানে পাঁচটি স্লিপার কোচ রয়েছে। এর জেরে সমস্যায় পড়েছেন যাত্রীরা। দিনহাটা রেলস্টেশনে লিফ্ট না থাকায় বিশেষ চাহিদাসম্পন্নদের সমস্যা হচ্ছে। রেলের ইলেক্ট্রিফিকেশন হয়ে গেলে বামনহাট থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেসের সময় পরিবর্তন, কোচবিহারে উত্তরবঙ্গ এক্সপ্রেস দাঁড় করানোর মতো রবিবার একাধিক বিষয় তুলে ধরল কোচবিহার দিনহাটা রেলযাত্রী মঞ্চ। যাত্রী নিরাপত্তা ও বিভিন্ন দাবি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে রেল কর্তৃপক্ষ।
Advertisement
রেলযাত্রী মঞ্চের দাবি, শিক্ষা, স্বাস্থ্য,  চাকরি, ব্যবসা সংক্রান্ত একাধিক বিষয়ে প্রতিনিয়ত কলকাতা যান দিনহাটা-কোচবিহারের প্রচুর মানুষ। রেলের মাধ্যমে কলকাতা যাওয়ার ক্ষেত্রে উত্তরবঙ্গ এক্সপ্রেস দিনহাটা কোচবিহার মানুষের বেশি পছন্দ। প্রতিদিনই বামনহাট থেকে এক্সপ্রেস ট্রেনটি কলকাতার উদ্দেশে রওনা দেয়। তবে স্লিপার কোচের সংখ্যা কমে যাওয়ায় ভোগান্তি হচ্ছে সাধারণ মানুষের। কোচের সংখ্যা বাড়ালে যাত্রীদের সুবিধা হবে। 
কোচবিহার স্টেশন জেলার সদর শহরে অবস্থিত। এই স্টেশনে উত্তরবঙ্গ এক্সপ্রেস দাঁড়ালে জেলার মানুষ উপকৃত হবেন। হেরিটেজ শহর কোচবিহারের গৌরব বৃদ্ধি পাবে। অমৃত ভারত প্রকল্পের আওতায় দিনহাটা স্টেশন নতুন করে গড়ে তোলা হচ্ছে। এই স্টেশনে বিশেষ চাহিদা সম্পন্ন সহ বয়স্ক মানুষদের জন্য লিফ্টের দাবি করেছে তারা। বামনহাট স্টেশন পর্যন্ত ইলেক্ট্রিফিকেশনের কাজ শেষের দিকে। এর মাধ্যমে উত্তরবঙ্গ এক্সপ্রেস চলাচল শুরু হলে অনেক কম সময়ে ট্রেনটি বামনহাট থেকে নিউ কোচবিহার পৌঁছতে পারবে। দুপুর ১টা ৪৫ এর পরিবর্তে ২টো ৩০ মিনিটে বামনহাট থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস ছাড়লে সাধারণ মানুষের সুবিধা হবে।
কোচবিহার দিনহাটা রেল যাত্রী মঞ্চের আহ্বায়ক রাজা ঘোষ বলেন, উত্তরবঙ্গ এক্সপ্রেসের স্লিপার কোচ বৃদ্ধি সহ একাধিক দাবিতে দিনহাটা স্টেশন ম্যানেজারের মাধ্যমে দলের শীর্ষ কর্তা স্মারকলিপি দেওয়া হয়েছে। উত্তরপূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা বলেন, দাবিগুলি খতিয়ে দেখা হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ