নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নর্দান রেলে জরুরি কাজের জেরে বাংলা থেকে উত্তরভারতগামী আপ-ডাউন দূরপাল্লার ট্রেন চলাচলে বিঘ্ন ঘটবে। আজ বুধবার ও আগামী ২৭ নভেম্বর জম্মু তাওয়াই-শিয়ালদহ এক্সপ্রেস (২২৩১৮) যাত্রার কিছুটা বদল হবে। পরিবর্তিত রুটে সংশ্লিষ্ট ট্রেনটি এই দু’দিন জম্মু তাওয়াই, জলন্ধর সিটি, লহিয়ান খাস, লুধিয়ানা হয়ে চলাচল করবে। একইভাবে একাধিক ট্রেনের সময়সূচি পরির্তন হবে। আজকের কলকাতা-অমৃতসর এক্সপ্রেস (১২৩১৭) কলকাতা স্টেশন থেকে ১ ঘণ্টা দেরিতে ছাড়বে। শুধু তাই নয়, ট্রেনটি যাত্রাপথে ফিরোজপুর ডিভিশনে ৪০ মিনিট নিয়ন্ত্রিত হবে। এই দূরপাল্লার ট্রেনটি ২৪ নভেম্বর ফিরোজপুর ডিভিশনে আধঘণ্টা নিয়ন্ত্রিত হবে। শিয়ালদহ-অমৃতসর এক্সপ্রেস (১২৩৭৯) শনিবার শিয়ালদহ দু’ঘণ্টা দেরিতে যাত্রা শুরু করবে। যাত্রাপথে ট্রেনটির গতি নিয়ন্ত্রণ করা হবে। অমৃতসর-শিয়ালদহ এক্সপ্রেস (১২৩৮০) আগামী ২৪ নভেম্বর অমৃতসর স্টেশনে থেকে দেড় ঘণ্টা দেরিতে ছাড়বে। ২৬ নভেম্বর কলকাতা-অমৃতসর এক্সপ্রেস (১২৩৫৭) শিয়ালদহ থেকে ১ ঘণ্টা ৪০ মিনিট দেরিতে যাত্রা করবে। পরিবর্তিত পরিস্থিতিতে যাত্রীদের আগাম এই তথ্য রেলের তরফে জানান হয়েছে। ট্রেন যাত্রা নিয়ে কোনও অনিশ্চয়তা না থাকলেও, যাত্রীদের বদলে যাওয়া সূচি অনুসারে যাবতীয় বন্দোবস্ত সারার পরামর্শ দেওয়া হয়েছে।



