Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

উঠল তন্ময় ভট্টাচার্যের সাসপেনশন

উঠল তন্ময় ভট্টাচার্যের সাসপেনশন
  • ১৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের সাসপেনশন তুলে নিল আলিমুদ্দিন। গোটা প্রক্রিয়টি ঘটল কার্যত নিঃশব্দে। এক মহিলা সাংবাদিকের অভিযোগের ভিত্তিতে দলের ইন্টারনাল কমপ্লেইন কমিটি (আইসিসি) তন্ময়বাবুর বিরুদ্ধে তদন্ত শুরু করে। তদন্তে স্বচ্ছতার স্বার্থে তখনই তন্ময়বাবুকে পার্টি থেকে সাসপেন্ড করা হয়। ২৭ অক্টোবর থেকে পার্টির কোনও কাজের সঙ্গে যুক্ত থাকতে পারেননি এই প্রাক্তন বিধায়ক। দলের অভ্যন্তরীণ তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হতে হয়েছিল তাঁকে। অবশেষে শনিবার সিপিএমের উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য তন্ময়বাবুর সাসপেনশন প্রত্যাহার করা হল। এ বিষয়ে তন্ময়বাবু বলেন, ‘আমাদের পার্টির হোয়াটসঅ্যাপ গ্রুপে জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তী একটি বার্তা দিয়েছেন। আমাকে জানানো হয়েছে, রাজ্য সম্পাদক আমার সাসপেনশন প্রত্যাহার করার কথা জানিয়েছেন। আমি এখন পার্টির কাজ করতে পারি।’ তাঁর আরও সংযোজন, ‘আমাদের পার্টি বলেই সত্যিটা উঠে আসে। এই জন্যই পার্টিকে ভালোবাসি।’ তবে প্রকাশ্যে বিবৃতি না দিয়ে যেভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে এই খবর জানানো হয়েছে, তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। এ বিষয়ে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, ‘যতদিন তদন্ত চলবে, ততদিন উনি সাসপেন্ড থাকবেন, এটাই বলা হয়েছিল। রিপোর্ট জমা পড়েছে। তাই সাসপেনশন প্রত্যাহার করা হয়েছে। এবার সেই রিপোর্ট নিয়ে আলোচনা করা হবে।’
Advertisement
সম্পর্কিত সংবাদ