নয়াদিল্লি: মার্কিন ভিসা নিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নজিরবিহীন কড়াকড়ি। একের পর এক ভিসার আবেদন নাকচ। ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লটই মিলছে না। ফলে আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলিতে বিপুল সংখ্যায় কমবে ভারতীয় পড়ুয়া। মনে করা হচ্ছে, ৭০ শতাংশ ভারতীয় পড়ুয়া কমতে পারে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলিতে। ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্লট বন্ধ করে দেওয়া ও ভিসা বাতিলের সংখ্যা হঠাৎ করেই বেড়ে যাওয়ায় কমছে ভারতীয় পড়ুয়ার সংখ্যা। সংখ্যাটি ৮০ শতাংশ ছাড়ালেও অবাক হওয়ার কিছু থাকবে না বলে জানিয়েছে এক কনসালটেন্সি সংস্থা। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর মার্কিন ভিসা নিয়ে একাধিক কড়া নিয়ম আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প। জানিয়ে দেওয়া হয়েছে, ভিসা আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির সমাজমাধ্যমের অ্যাকাউন্টও খতিয়ে দেখা হবে। অন্যান্য কারণেও ভিসার আবেদন নাকচের সংখ্যাও বাড়ছে। যার জেরে সমস্যায় ভারতীয় পড়ুয়ারা। বিশেষজ্ঞরা বলছেন, ‘এত দিনে পড়ুয়াদের ভিসা ইন্টারভিউ পর্ব শেষ হয়ে যায়। তাঁরা আমেরিকা যাওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করে। তবে চলতি বছরে ইন্টারভিউয়ের স্লটই মিলছে না।’ ভিসা নিয়ে এই দোলাচলের কারণে অনেকেই অন্য দেশে পড়াশোনার কথা ভাবছে। এক পড়ুয়া বলেছেন, ‘আমি অপেক্ষা করতে পারব না। আমার গোটা একটা বছর নষ্ট হয়ে যাবে। তাই আমি আমার আবেদনপত্র প্রত্যাহার করেছি।’ ওই পড়ুয়া জানান, তিনি জার্মানিতে আগামী পড়াশোনা চালানোর কথা ভাবছেন। জানা গিয়েছে, গত মার্চ মাসে যে সব পড়ুয়া আবেদন করেছিল, তাঁদের বেশিরভাগেরই ভিসার আবেদন নাকচ করে দিয়েছে আমেরিকা। তাঁদের সামাজিক মাধ্যমেও আপত্তিজনক কিছু নেই। ভিসা নাকচ হওয়ার কারণ হিসাবে ২১৬বি (সংশ্লিষ্ট ব্যক্তি দেশে ফিরবেন কি না তা নিয়ে সন্দেহ রয়েছে) দেখানো হচ্ছে।



