ওয়াশিংটন: ভারত ও আমেরিকার বাণিজ্য চুক্তির ‘ফ্যাক্ট শিট’-এ চুপিসারে কিছু রদবদল করল হোয়াইট হাউস। কোন পথে দুই দেশের বাণিজ্য চুক্তি এগবে, ফ্যাক্ট শিটে তার মূল শর্তগুলি উল্লেখ করা হয়েছিল। তার মধ্যে অন্যতম, আমেরিকায় তৈরি বিভিন্ন শিল্প পণ্য ও কৃষিপণ্যের উপর ভারত শুল্ক কমাবে বা শূন্যে নামিয়ে আনবে। প্রথমে কৃষিপণ্যের তালিকায় কয়েক ধরনের ডালের উল্লেখ ছিল। নতুন করে ফ্যাক্ট শিট প্রকাশ করা হয়েছে, তাতে ডালের কোনো উল্লেখ নেই। একইসঙ্গে ওই ফ্যাক্ট শিটে বেশ কিছু শব্দেরও বদল করা হয়েছে। দুই দেশের বাণিজ্য চুক্তি অনুযায়ী, আমেরিকা থেকে ৫০ হাজার কোটি ডলারের পণ্য কিনবে। প্রথমে বলা হয়েছিল, ভারত ওই পণ্য কিনতে ‘প্রতিশ্রুতিবদ্ধ’ (কমিটেড)। নতুন ফ্যাক্ট শিটে বলা হয়েছে, ভারত ওই বিপুল মূল্যের পণ্য কিনতে ‘ইচ্ছুক’ (ইনটেন্ডস)। এছাড়া ওই ৫০ হাজার কোটি ডলারের পণ্যের মধ্যে কৃষিজ পণ্যও কিনতে হবে বলে আগের ফ্যাক্ট শিটে উল্লেখ করা হয়েছিল। সংশোধিত বয়ানে এই তালিকায় ‘কৃষিজ পণ্য’ শব্দটি বাদ দিয়েছে ট্রাম্প প্রশাসন। ডিজিটাল পরিষেবা করের ক্ষেত্রেও আগের অবস্থান থেকে সরে এসেছে ওয়াশিংটন। পুরানো ফ্যাক্ট শিটে বলা হয়েছিল, ভারত ডিজিটাল পরিষেবা কর প্রত্যাহার করে নেবে। পাশাপাশি দ্বিপাক্ষিক ডিজিটাল বাণিজ্যবিধি তৈরি করতে ভারত আলোচনায় বসবে। নতুন বয়ানে কর প্রত্যাহারের বিষয়টি বাদ দিয়ে শুধু ডিজিটাল বাণিজ্যবিধি নিয়ে আলোচনার কথা রাখা হয়েছে।



