নয়াদিল্লি ও আঙ্কারা: অবশেষে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল আমেরিকা। ভবিষ্যতে রাশিয়ার থেকে এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম কিনতে পারবে তুরস্ক। একইসঙ্গে আঙ্কারাকে পঞ্চম প্রজন্মের এফ-৩৫ স্টেল্থ যুদ্ধবিমান বিক্রির কথা চিন্তাভাবনা করছে ওয়াশিংটন। মঙ্গলবার একথা জানিয়েছে ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউসের এই সিদ্ধান্তকে মোটেই ভালোচোখে নিচ্ছে না ইজরায়েল। ইতিমধ্যে সিরিয়ায় সামরিক শক্তি বৃদ্ধি করেছে তুরস্ক। গত মাসে ইজরায়েলের এক মন্ত্রী দাবি করেন, ইরানের থেকে সিরিয়া ও তুরস্ক আরও বেশি ভয়াবহ। তাই যুদ্ধবিমান বিক্রির খবর কানে আসতেই বিরোধিতা করতে শুরু করেছেন বেঞ্জামিন নেতানিয়াহু। এদিকে তুরস্কের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের কথা মাথায় রেখে পরিস্থিতির উপর নজর রাখছে ভারতও। গত বছর ‘অপারেশন সিন্দুর’ চলাকালীন ইসালমাবাদকে ড্রোন ও সমরাস্ত্র দিয়েছিল তুরস্ক। তাহলে কি ভবিষ্যতে যুদ্ধে হলে ইসলামাবাদকে মার্কিন যুদ্ধবিমানও দেবে আঙ্কারা? অতীতের কথা চিন্তা করে সবদিক খতিয়ে দেখছে নয়াদিল্লি।



