


ওয়াশিংটন: মার্কিন গোয়েন্দা প্রধানের পদ থেকে শীঘ্রই ইস্তফা দিচ্ছেন তুলসী গাবার্ড। আগামী ৩০ জুন এই পদে তাঁর শেষ দিন হতে চলেছে। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে ইস্তফাপত্র জমা দেন তুলসী। মার্কিন গোয়েন্দা প্রধান জানিয়েছেন, তাঁর স্বামী আব্রাহাম সম্প্রতি বিরল হাড়ের ক্যানসারে আক্রান্ত হয়েছেন। এই কঠিন সময়ে স্বামীর পাশে থাকতে জনসেবা থেকে বিরতি নিচ্ছেন তিনি। তুলসীর ইস্তফার পর সাময়িকভাবে এই দায়িত্ব সামলাবেন গোয়েন্দা বিভাগের প্রিন্সিপাল ডেপুটি ডিরেক্টর অ্যারন লুকাস। শুক্রবার এক্স হ্যান্ডলে নিজের ইস্তফাপত্র শেয়ার করেন তুলসী। সেখানে তিনি লেখেন, ‘আমার স্বামী আব্রাহাম এক বিরল ধরনের হাড়ের ক্যানসারে আক্রান্ত। আগামী কয়েক সপ্তাহ ও মাস ওর জন্য অত্যন্ত কঠিন হতে চলেছে। এই পরিস্থিতিতে আব্রাহামের পাশে থাকতে জনসেবা থেকে সরে যাচ্ছি। ১১ বছরের দাম্পত্য জীবনে আব্রাহাম সবসময় আমার পাশে থেকেছে। এই কঠিন লড়াইয়ে ওকে একা ফেলে রাখতে পারব না।’ পরে ট্রুথ সোশ্যালে এবিষয়ে পোস্ট করেন ট্রাম্প। তিনি লেখেন, ‘তুলসী খুব ভালো কাজ করেছেন। আমরা তাঁর অভাব বোধ করব।’