Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

পড়াশোনা শেষে ওয়ার্ক ভিসা বন্ধের পথে মার্কিন প্রশাসন, উদ্বেগে ভারতীয় পড়ুয়ারা

দ্বিতীয়বার মসনদে বসে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েই চলেছেন ডোনাল্ড ট্রাম্প। হাতে-পায়ে শিকল পরিয়ে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোই হোক বা বিভিন্ন দেশের উপর শুল্ক চাপানো—মার্কিন প্রেসিডেন্ট নিজের নির্বাচনী ঘোষণায় অনড়।

পড়াশোনা শেষে ওয়ার্ক ভিসা বন্ধের পথে মার্কিন প্রশাসন, উদ্বেগে ভারতীয় পড়ুয়ারা
  • ১০ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: দ্বিতীয়বার মসনদে বসে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েই চলেছেন ডোনাল্ড ট্রাম্প। হাতে-পায়ে শিকল পরিয়ে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোই হোক বা বিভিন্ন দেশের উপর শুল্ক চাপানো—মার্কিন প্রেসিডেন্ট নিজের নির্বাচনী ঘোষণায় অনড়। সামান্যতম কারণে পড়ুয়াদের ভিসা বাতিলের ঘটনাও ঘটছে। এর মধ্যেই অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়তে চলেছেন লক্ষ লক্ষ ভারতীয় পড়ুয়া। মার্কিন কংগ্রেসে পেশ হতে চলেছে নতুন বিল। আমেরিকার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ডিগ্রি অর্জনের পর তিন বছর পর্যন্ত কাজের সুযোগ পেতেন বিদেশি পড়ুয়ারা। প্রস্তাবিত ওই বিলে সেই সুযোগ বন্ধ করা হচ্ছে। 

Advertisement

ভারতীয় পড়ুয়াদের অধিকাংশই বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং, অঙ্কের মতো বিষয়ে পড়াশোনা করতে আমেরিকায় যান। ডিগ্রি শেষ করে সেখানে অপশনাল প্র্যাক্টিক্যাল ট্রেনিংয়ে (ওপিটি) যোগ দিতে পারতেন তাঁরা। ফলে অন্তত তিন বছর সেদেশে কাজের সুযোগ মিলত। কিন্তু আইন করে ওপিটি বাতিল হলে সেখানে আর কাজের সুযোগ পাবেন না পড়ুয়ারা। ২০২৪ সালের এক সমীক্ষায় দেখা গিয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভারত থেকে ৩ লক্ষ ৩১ হাজার ৬০২ জন পড়ুয়া মার্কিন যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য গিয়েছেন। আগের বছরের তুলনায় যা ২৩ শতাংশ বেশি। তার মধ্যে প্রায় এক লক্ষ পড়ুয়া ওপিটি করেছিলেন। ওপিটি বাতিল হলে ওই পড়ুয়াদের মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়তে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শুধু তাই নয়, তাঁদের অনেকেই শিক্ষাঋণ নিয়ে পড়াশোনা করছেন। তিন বছর আমেরিকায় থেকে কাজ করে সেই ঋণ মেটান। এবার সেই পথও পুরোপুরি বন্ধ হওয়ার মুখে। এছাড়াও সামান্য কারণে পড়ুয়াদের ভিসা বাতিল হচ্ছে। ট্রাম্প প্রশাসন ছোটখাটো ট্রাফিক আইন ভাঙার মামলাতেও বিদেশি পড়ুয়াদের ভিসা বাতিল করে দিতে পারে বলে সংবাদমাধ্যম সূত্রে খবর।
এদিকে, আমেরিকার বিমানবন্দরে হেনস্তার শিকার হলেন এক ভারতীয় উদ্যোগপতি মহিলা। ব্যাগে সন্দেহজনক বস্তু থাকার অভিযোগে আলাস্কার অ্যাঙ্কোরেজ বিমানবন্দরে হেনস্তার শিকার হন শ্রুতি চতুর্বেদী নামে ওই ভারতীয়। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, প্রায় আট ঘণ্টা তাঁকে আটকে রাখে মার্কিন পুলিস ও এফবিআই। এমনকী তাঁর শরীরের গরম পোশাক খুলে তল্লাশি করেন এক পুরুষ অফিসার। তিনি বলেন, ব্যাগে মোবাইলে চার্জ দেওয়ার জন্য ‘পাওয়ার ব্যাঙ্ক’ থাকায় হেনস্তার শিকার হতে হয়েছে তাঁকে।

Advertisement
সম্পর্কিত সংবাদ