Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

উপ প্রধান খুনে জেল থেকে মুক্ত মূল অভিযুক্ত, ক্ষোভ

উপ প্রধান খুনে জেল থেকে মুক্ত মূল অভিযুক্ত, ক্ষোভ
  • ২৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাসত: চলতি বছর ২৫ ফেব্রুয়ারি ‘খুন’ হন অশোকনগর বিধানসভার গুমা ১ পঞ্চায়েতের উপপ্রধান বিজন দাস। ঘটনায় মূল অভিযুক্ত গৌতম দাসকে বসিরহাট সীমান্ত থেকে ২১ মার্চ গ্রেপ্তার করে অশোকনগর থানার পুলিস। কিন্তু আট মাসের মধ্যেই জেলমুক্ত হয়েছে গৌতম। আর এরপরই মঙ্গলবার দুপুরে এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ করেন এলাকার মানুষ। ওঠে গৌতমের কঠোর শাস্তির দাবিও। এদিকে পরিবারের সদস্যরাও এই রায় মেনে নিতে পারছেন না। তাঁদের প্রশ্ন, খুন করলেও এক বছর জেল খাটার আগেই অভিযুক্ত কীভাবে ছাড়া পেল? আমরা হতবাক। পুলিস জানিয়েছে, ধৃতের চার্জশিট জমা পড়েছে আদালতে। এরপরে হাইকোর্ট থেকে জামিনের আর্জি মঞ্জুর করেছেন বিচারক। 
Advertisement
জানা গিয়েছে, চলতি বছর ২৫ ফেব্রুয়ারি রাতে গুমা স্টেশন লাগোয়া পড়শি তুহিন দত্তের বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন গুমা ১ পঞ্চায়েতের উপপ্রধান বিজন দাস। অভিযোগ, রাত সাড়ে ১০টা নাগাদ তুহিনের বাড়িতে ঢুকে বিজনকে খুন করে গৌতম দাস। পরিবারের দাবি ছিল, গৌতমের একাধিক বেআইনি কাজে বাধা দেন বিজন। তাই আগে থেকেই গৌতমের ‘টার্গেট’ ছিলেন তিনি। উপপ্রধান হলে সেই আক্রোশ বাড়তে থাকে। সেখান থেকেই ওইদিন সে বিজনকে গুলি করে খুন করে।
সম্পর্কিত সংবাদ