Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বিচারাধীন বন্দির অস্বাভাবিক মৃত্যু রায়গঞ্জ জেলা সংশোধনাগারে

বিচারাধীন বন্দির অস্বাভাবিক মৃত্যু রায়গঞ্জ জেলা সংশোধনাগারে
  • ৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: রায়গঞ্জ জেলা সংশোধনাগারে এক বিচারাধীন বন্দির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। মৃত গৌতম ঘোষের (৪৯) বাড়ি রায়গঞ্জ শহর লাগোয়া কমলাবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের বোগ্রাম ঘোষপাড়া এলাকায়।

Advertisement

পুলিস ও জেলা সংশোধনাগার সূত্রে খবর, শুক্রবার রাতে অসুস্থ হয়ে পড়েন ওই বন্দি। সংশোধনাগার থেকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ আনার পথে তাঁর মৃত্যু হয়। শনিবার মেডিক্যালের মর্গে তাঁর মৃতদেহের ময়নাতদন্ত হয়েছে। রায়গঞ্জ থানার আইসি বিশ্বাশ্রয় সরকার বলেন, বন্দিমৃত্যুর ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।
রায়গঞ্জ জেলা সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে, গত ১৯ আগস্ট বধূ নির্যাতন মামলায় গৌতম গ্রেপ্তার হন। তাঁর ঠাঁই হয় সংশোধনাগারে। সেখানে আসার আগে থেকেই হৃদরোগে আক্রান্ত ছিলেন তিনি। পরিবার চিকিৎসা সংক্রান্ত কিছু নথিও জমা করেছিল। এর জন্য সংশোধনাগারেও গৌতমের চিকিৎসা হয়।
মৃতের আত্মীয় অরিজিৎ শিকদার বলেন, শুক্রবার মধ্যরাতে মৃত্যুর খবর পাই। যদিও পুলিস বা সংশোধনাগার কর্তৃপক্ষ কোনও খবর দেয়নি বলে তাঁর অভিযোগ। মৃতের পরিবারের সদস্যদের আক্ষেপ, গৌতমের বিরুদ্ধে যে বধূ নির্যাতনের অভিযোগ তোলা হয়েছে, তা ঠিক নয়। কয়েকদিন পর জেলা আদালতে জামিনের শুনানিও ছিল। কিন্তু আচমকা সংশোধনাগারে তাঁর অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
১৮ আগস্ট বোগ্রামে ব্যাপক মারধর খেয়ে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন গৌতমের ভাইয়ের স্ত্রী সাধনা ঘোষ। অভিযোগ ওঠে  সাধনাকে মারধর করেছেন গৌতমের ভাই গৌরাঙ্গ। যিনি এখনও পলাতক। পরিবারের দাবি, গৃহবধূকে মারধরে মূল অভিযুক্ত গৌতমের ভাই। কিন্তু তার খোঁজ না পেয়েই পুলিস নিগৃহীত বধূর অভিযোগের ভিত্তিতে গৌতমকে গ্রেপ্তার করে। তাঁর ঠাঁই হয় রায়গঞ্জ জেলা সংশোধনাগারে।

Advertisement
সম্পর্কিত সংবাদ