সঞ্জয় গঙ্গোপাধ্যায়, বারাকপুর: শ্যামা আরাধনায় শতবর্ষে পা দিল বারাকপুরের মণিরামপুর নতুন বাজারের ইউনিভার্স ক্লাব। থিম বাছাই করা হয়েছে ক্লাবের নামের সঙ্গে সাযুজ্য রেখেই। ‘ইউনিভার্স’ বা বিশ্ব-ব্রহ্মাণ্ড। এই পুজোর ক্যাচলাইন হল, ‘ইউনিভার্স এবার ইউনিভার্সে’। সাড়ে তিন হাজার বর্গফুটের পুজোমণ্ডপ স্পেস সেন্টারের অনুকরণে তৈরি হয়েছে। সেখানে থাকছে স্যাটেলাইট, রকেট উৎক্ষেপণ কেন্দ্র থেকে শুরু করে ইউএফও। রয়েছে ৩০ মিটার ব্যাসার্ধের সৌরজগৎ। যেখানে সব গ্রহের অবস্থান রয়েছে। সেটি চক্রাকারে ঘুরছে। নীলচে আলোর আভায় নজর কাড়বে এআই প্রতিমা। প্রতিমার হাতগুলি দেখে মনে হবে রোবটের হাত। মাকালীর একহাতে থাকে ঝোলানো মুন্ডু। এখানে তা নেই। মায়ের হাতে রয়েছে মুন্ডু। মায়ের চোখও অন্যরকম। দুর্গার পর যা ফের চমক বলেই দাবি শিল্পী ইন্দ্রজিৎ পালের। ক্লাব সম্পাদক দেবাশিস ঘোষ বলেন, এবার আমাদের শতবর্ষ। ক্লাবের নামের সঙ্গে সাযুজ্য রেখেই আমরা থিম করেছি। একটি স্পেস সেন্টারে যা যা থাকে তুলে ধরা হয়েছে সেসবই। তবে দর্শনার্থীদের কাছে সবচেয়ে আকর্ষণীয় হবে এআই প্রতিমা। কালীপুজোয় রাজ্যে একমাত্র আমাদের মণ্ডপেই থাকছে এআই প্রতিমা।
মণিরামপুরে দীর্ঘদিন ধরেই বেশ বড়ো মাপের কালীপুজো হয়। শুধু ইউনিভার্স ক্লাব নয়, বটতলা স্পোর্টিং ক্লাব, মিস্ত্রিঘাট বয়েজ ক্লাব, মহাবীর সমিতি, দাসপাড়া অ্যাটলেটি ক্লাব বিগ বাজেটের পুজো করে। বটতলা স্পোর্টিং ক্লাবের বয়স ৬৮ বছর। তাদের থিম, যুগান্তর। যেখানে যুগের পরিবর্তন তুলে ধরা হয়েছে। আগে শিশুরা মাঠে গিয়ে ফুটবল খেলত। এখন মোবাইলে ফুটবল খেলছে। আগে চিঠির মাধ্যমে মনের কথা আদানপ্রদান হত, এখন সেখানে রয়েছে ভিডিয়ো কল। কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সময়ের পরিবর্তন তুলে ধরা হয়েছে বটতলা স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপে।
দাসপাড়া অ্যাটলেটিক ক্লাবের কালীপুজো ১১৪ বছরে পড়ল। এবার বাঁকুড়া টেরাকোটা উপর ভিত্তি করে মণ্ডপ তৈরি করা হচ্ছে। তার সঙ্গে সামঞ্জস্য রেখেই তৈরি হচ্ছে প্রতিমা। পুজো কমিটি কর্তা বিবেক সিং জানিয়েছেন, ইতিমধ্যেই যেভাবে মানুষ আসছেন, আশা করছি, পুজোর দিনগুলি মানুষের ঢল নামবে।
মিস্ত্রিঘাট বয়েজ ক্লাবের পুজো ৫৪ বছরে পড়ল। প্রতিবছরই এই পুজো ভারী সুন্দর হয়। এবার দক্ষিণ ভারতের একটি মন্দিরের অনুকরণে মণ্ডপ হচ্ছে। তার উচ্চতা ৫০ ফুটের বেশি। তবে প্রতিমার ক্ষেত্রে কালী প্রতিমার পাশাপাশি রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি। কৃষ্ণকালী হিসাবে পূজিত হবেন মা।
নয়াবস্তি মহাবীর সমিতির পুজো এবার আশি বছরের পড়ল। এবারের থিম, আদি শক্তি স্বর্ণধাম। শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দার। অনেকটা গোল্ডেন টেম্পলের অনুকরণই হচ্ছে। তবে প্রতিমা হচ্ছে কালীঘাটের কালী। তার জিব, মুকুট সবই থাকবে সোনার। এই পুজোর অন্যতম কর্ণধার শিবু যাদব বলেন, সোনায় সাজিয়ে তোলা হয়েছে মাকে। তৈরি হচ্ছে স্বর্ণধাম।
এক কথায়, মণিরামপুরে থিম ও সাবেকিয়ানার উপর ভিত্তি করে দীপাবলি উৎসব রীতিমতো জমে উঠেছে। রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের প্রাচীন এই শহর আলোর উৎসবে রীতিমতো ঝলমলে হয়ে উঠেছে। কালীপুজোর এই উৎসবে ‘ডেস্টিনেশন’ হতে চলেছে বারাকপুরের মণিরামপুর। নিজস্ব চিত্র



