Bartaman Logo
৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

উলুবেড়িয়া: মহিলা ডাক্তারকে নিগ্রহের ঘটনায় ধৃত অস্থায়ী হোমগার্ডকে সরিয়ে দিল প্রশাসন

উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজে মহিলা চিকিৎসককে নিগ্রহের ঘটনায় ধৃত অস্থায়ী হোমগার্ড শেখ বাবুলালকে কাজ থেকে সরিয়ে দিল প্রশাসন।

উলুবেড়িয়া: মহিলা ডাক্তারকে নিগ্রহের ঘটনায় ধৃত অস্থায়ী হোমগার্ডকে সরিয়ে দিল প্রশাসন
  • ২৪ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজে মহিলা চিকিৎসককে নিগ্রহের ঘটনায় ধৃত অস্থায়ী হোমগার্ড শেখ বাবুলালকে কাজ থেকে সরিয়ে দিল প্রশাসন। হাওড়া গ্রামীণ জেলা পুলিশের সুপার সুবিমল পাল একথা জানিয়ে বলেছেন, এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

Advertisement

এদিকে, আজ শুক্রবার হাসপাতালের সিনিয়র রেসিডেন্ট (এসআর) ডাক্তাররা সকাল ৯টা থেকে দুপুর ২টো পর্যন্ত ১১ দফা দাবিতে প্রতীকী কর্মবিরতির ডাক দিয়েছে। তাঁদের দাবিগুলির মধ্যে অন্যতম হল, গত সোমবারের ঘটনায় অভিযুক্ত সবাইকে গ্রেফতার ও কঠোর শাস্তি দিতে হবে। অপরাধের সময় হাসপাতালের গেট ও অ্যান্টিনেটাল ওয়ার্ডের নিরাপত্তা কর্মীদের চিহ্নিত করার দাবিও জানিয়েছেন তাঁরা। এই প্রতীকী কর্মবিরতির ডাক দিয়েছে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজের রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের পক্ষে ডাঃ অমৃতা ভট্টাচার্য বলেন, আমরা সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকরা আউটডোর এবং ইমার্জেন্সিতে পাঁচ ঘণ্টার প্রতীকী কর্মবিরতি পালন করব। যদিও ওপিডি পরিষেবা চালু থাকবে। উলুবেড়িয়ার পাশাপাশি রাজ্যের বিভিন্ন হাসপাতালে ডাক্তারদের নিরাপত্তা যেন বজায় থাকে এবং এ ব্যাপারে সকলে যাতে সচেতনতা বাড়ে, সেই কারণেই এই প্রতীকী কর্মবিরতি। এই কর্মসূচিতে সবাইকে যোগদান করার আহ্বান জানানো হয়েছে।
উলুবেড়িয়া মেডিকেল কলেজ কর্তৃপক্ষ সূত্রে খবর, ওই ঘটনার পরিপ্রেক্ষিতে হাসপাতালের সিকিউরিটি এজেন্সিকে শোকজ করে তিনদিনের মধ্যে জবাব চাওয়া হয়েছে। পাশাপাশি ঘটনার দিন হাসপাতালে সিকিউরিটি এজেন্সির কর্তব্যরত কর্মীদের সঙ্গেও কথা বলা হয়েছে। তাঁরা উপস্থিত থাকলেও কীভাবে ওই ঘটনা ঘটল, তা জানতে চাওয়া হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ