Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

উল্লেখযোগ্য অবদানের জন্য পুরস্কার পাচ্ছেন পুলিস সুপার দ্যুতিমান ভট্টাচার্য

উল্লেখযোগ্য অবদানের জন্য পুরস্কার পাচ্ছেন পুলিস সুপার দ্যুতিমান ভট্টাচার্য
  • ২৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: সাধারণতন্ত্র দিবসে মেডেল ফর মেরিটোরিয়াস সার্ভিস পুরস্কার পাচ্ছেন কোচবিহারের পুলিস সুপার দ্যুতিমান ভট্টাচার্য। ২০২৫ সালের সাধারণতন্ত্র দিবসে স্বরাষ্ট্রমন্ত্রক থেকে সারা দেশের বিভিন্ন রাজ্যের পুলিস বিভাগের পাশাপাশি পশ্চিমবঙ্গের পুলিস বিভাগে উল্লেখযোগ্য অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হচ্ছে। সেখানেই আইপিএস পদমর্যাদার এই পুলিস অফিসারকেও সম্মান প্রদান করা হচ্ছে।
Advertisement
পুলিস সুপারের গুরুদায়িত্ব পালনের পাশাপাশি তিনি একইসঙ্গে শিল্প, সাহিত্য, পরিবেশ সহ বহু বিষয়ে উল্লেখযোগ্য কাজ করে চলেছেন। ২০১০ সালে জঙ্গল ঘেরা অঞ্চলে মাওবাদীদের গোলাগুলির সম্মুখীন হওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর। আবার কোচবিহারের পুলিস সুপারের দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি এখানে দুষ্কৃতী দমন থেকে শুরু করে মাদকের চোরাচালান বা গাঁজা, পপি চাষ রুখে দিতে উল্লেখযোগ্য পদক্ষেপ করছেন। কিন্তু এসবের পাশাপাশিই চলছে তাঁর অন্যান্য কাজও। তথ্যচিত্র নির্মাণ, পুলিস কর্মীদের নিয়ে পথনাটক করানো, বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বৃক্ষরোপণ, গ্রীষ্মকালে পাখিদের জন্য জলের ব্যবস্থা করার মতো কাজ তিনি নিরন্তর করে চলেছেন। 
তিনি একজন দক্ষ কার্টুনিস্ট, চিত্রশিল্পী ও অভিনেতা। ক্রাইম থ্রিলার থেকে শুরু করে বিভিন্ন লেখালেখিতেও তিনি দক্ষতার পরিচয় দিয়ে চলেছেন। কর্মক্ষেত্র ও সমানভাবে সমাজে তাঁর অনবদ্য ভূমিকাই তাঁকে এই উচ্চতায় পৌঁছে দিয়েছে। তাঁর এই পুরস্কারের বিষয়টি সামনে আসতেই জেলার পুলিস মহলে খুশির হাওয়া ছড়িয়েছে। কোচবিহারের পুলিস সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, খবর পেয়েছি। শুনে ভালো লাগছে। তবে এখনও অফিসিয়ালি কিছু শুনিনি।
Advertisement
সম্পর্কিত সংবাদ