সংবাদদাতা, উলুবেড়িয়া: রাস্তার একটি কুকুর ঘরের মধ্যে ৯টি বাচ্চা প্রসব করায় সেগুলিকে বস্তাবন্দি করে পুকুরের জলে ফেলে মারার অভিযোগ উঠল দুই ভাইয়ের বিরুদ্ধে। অভিযুক্তদের নাম জগবন্ধু মণ্ডল ও গণেশ মণ্ডল। জলে ডুবে সদ্যোজাত ৯টি কুকুরই মারা যায়। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের বাহিরতফা গ্রামে। শুক্রবার বিষয়টি জানাজানি হতেই স্থানীয় বাসিন্দারা উলুবেড়িয়া থানায় অভিযোগ দায়ের করেন। শনিবার সকালে কুকুরের বাচ্চাগুলির দেহ পুকুরে ভেসে ওঠার পরই স্থানীয় বাসিন্দারা সেগুলিকে উদ্ধার করে অভিযুক্তদের বাড়ির উঠানে রেখে বিক্ষোভ দেখান। পরে পুলিস জগবন্ধুদের বাড়িতে যায়। তার আগেই অবশ্য দুইভাই বাড়ি থেকে পালায়। গণেশের স্ত্রী দেবশ্রী মণ্ডল অভিযোগ অস্বীকার করে বলেছেন, আমরা কেউই ঘরে ছিলাম না। রাতে বাড়ি ফিরে দেখি খাটের নীচে মা কুকুর বাচ্চাদের নিয়ে শুয়ে আছে। আমরা তাড়া দিতেই একটা বাচ্চাকে মুখে করে নিয়ে সে চলে যায়। পরে বাকি বাচ্চাগুলোকে আমরা বাড়ি থেকে কিছুটা দূরে রেখে আসি। ভেবেছিলাম ওদের মা নিয়ে যাবে। একটা কুকুরকেও পুকুরে ফেলা হয়নি। এলাকার মানুষ মিথ্যা অভিযোগ করছেন। হাওড়া গ্রামীণ জেলা পুলিসের এক কর্তা জানান, একটা অভিযোগ জমা পড়েছে। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।



