Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

উলুবেড়িয়ায় প্রবীণদের গল্প শোনাবে পড়ুয়ারা

উলুবেড়িয়ায় প্রবীণদের গল্প শোনাবে পড়ুয়ারা
  • ১৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, উলুবেড়িয়া: প্রবীণ ব্যক্তিদের জন্য সুখবর। উলুবেড়িয়া বইমেলাকে সামনে রেখে এবারেও প্রবীণ ব্যক্তিদের বাড়ি গিয়ে তাঁদের পচ্ছন্দের গল্পের বই ও উপন্যাস পড়ে শুনিয়ে আসবে কলেজ পড়ুয়ারা। পুরসভা প্রাঙ্গণে বইমেলা শুরু হবে ১৮ জানুয়ারি। চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। এবারে মেলা তৃতীয় বর্ষে পদার্পন করল। মেলায় ছোট বড় মিলিয়ে ৫০টি বইয়ের স্টল ছাড়াও ১০টি লিটিল ম্যাগাজিনের স্টল থাকবে। মেলায় আসা বইপ্রেমীদের রসনা তৃপ্তির জন্য ৯টি ফুড স্টল এবং পুষ্প প্রদর্শনী থাকছে। থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, অঙ্কন প্রতিযোগিতা, কবি সম্মেলন, আলোচনা সভা, রক্তদান শিবির। পুরসভা সূত্রে খবর, বইমেলায় শুধু বই কেনা বা খাওয়া দাওয়া নয়, হস্তশিল্পের পসরাও থাকছে। উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস জানান, এবারের বইমেলায় আমাদের থিম ‘ভাষা দিয়ে সম্প্রীতি গড়ব।’ তিনি জানান, ২০২২-২৩ সালে প্রথম বর্ষ বইমেলায় ২৪ লক্ষ ৩৬ হাজার টাকা এবং ২০২৩-২৪ সালের বইমেলায় ২২ লক্ষ ৪০ হাজার টাকার বই বিক্রি হয়েছিল। এবারের বইমেলায় ৩০ লক্ষ টাকার বই বিক্রির লক্ষ্যমাত্রা রাখা হয়েছে বলে জানান অভয় দাস। 
Advertisement
আগামী দিনে উলুবেড়িয়া বইমেলা রাজ্যের অন্যতম বইমেলা হিসেবে আত্মপ্রকাশ করবে বলে দাবি করেন তিনি। উলুবেড়িয়া কলেজের অধ্যক্ষ দেবাশিস পাল বলেন, গত দু’টি বইমেলায় প্রায় ৬ হাজার প্রবীণ ব্যক্তির বাড়িতে তাঁদের পচ্ছন্দের গল্প এবং উপন্যাসের বই নিয়ে আমাদের কলেজের ছাত্রছাত্রীরা পৌঁছে গিয়েছিল। এবারেও ছাত্রছাত্রীরা প্রবীণদের বাড়িতে পৌঁছে যাবে। 
সম্পর্কিত সংবাদ