Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

উলুবেড়িয়া পুর এলাকায় নতুন ১৮টি সুস্বাস্থ্য কেন্দ্র

উলুবেড়িয়া পুর এলাকায় নতুন ১৮টি সুস্বাস্থ্য কেন্দ্র
  • ১৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা. উলুবেড়িয়া: উলুবেড়িয়া পুরসভা এলাকায় ১৮ নতুন সুস্বাস্থ্য কেন্দ্র নির্মাণ হচ্ছে। ইতিমধ্যেই ন’টি কেন্দ্রের কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। বাকি ন’টির কাজ চলছে। শনিবার একটি কেন্দ্রের উদ্বোধন হয়। বাকিগুলি ধাপে ধাপে হবে। শনিবার উলুবেড়িয়া পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডে নবনির্মিত বাহির গঙ্গারামপুর পুর স্বাস্থ্যকেন্দ্র উদ্বোধন করতে এসে এই কথা জানান রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায়। তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের দুয়ারে স্বাস্থ্য পরিষেবা নিয়ে আসার চেষ্টা করছেন। সেই লক্ষ্যে এই সুস্বাস্থ্য কেন্দ্র হয়েছে। সোম থেকে শনি সকাল ন’টা থেকে যতক্ষণ অসুস্থ মানুষ থাকবেন ততক্ষণ পরিষেবা মিলবে।’ তিনি জানান, আরবান এলাকায় ৬৬ লক্ষ টাকা খরচ করে এবং পঞ্চায়েত এলাকায় ৩৫ লক্ষ টাকা খরচ করে কেন্দ্র তৈরি হচ্ছে। হাওড়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক কিশলয় দত্ত বলেন, ‘প্রতিটি ওয়ার্ডে সুস্বাস্থ্য কেন্দ্র খোলার পরিকল্পনা আছে। চিকিৎসক, নার্স, ফার্মাসিস্ট ছাড়াও আশাকর্মীরা থাকবেন। চিকিৎসা সহ আশপাশের এলাকায় গিয়ে প্রসূতিদের স্বাস্থ্য পরীক্ষা ও শিশুদের ভ্যাকসিন দেওয়া হবে। সরকারি তালিকাভুক্ত ১২ ধরনের চিকিৎসা পাওয়া যাবে।’ এদিন মন্ত্রী পুলক রায় উদ্বোধন করেন। তারপর পরিষেবা শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বিদেশ বসু, উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান, ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আকবর শেখ ও অন্যান্যরা। 
Advertisement
সম্পর্কিত সংবাদ