Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

উলুবেড়িয়ায় ও টি রোড সম্প্রসারণের কাজ শুরু আজ, খুশি পথচারীরা

উলুবেড়িয়ায় ও টি রোড সম্প্রসারণের কাজ শুরু আজ, খুশি পথচারীরা
  • ১০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, উলুবেড়িয়া: উলুবেড়িয়া শহরের মধ্যে দিয়ে যাওয়া ও টি রোড সম্প্রসারণের পরিকল্পনা আগেই করা হয়েছিল। সেই মতো এবার ওই রাস্তা সম্প্রসারণের কাজে হাত দিচ্ছে পূর্তদপ্তর। সোমবার দুপুরে উলুবেড়িয়া পুরসভা, পূর্তদপ্তর সহ অন্যান্য দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে রাস্তা মাপজোক করা হয়। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে ফুটপাত দখল করে থাকা ব্যবসায়ীদের দ্রুত জায়গা খালি করার নির্দেশ দেওয়া হয়।  উলুবেড়িয়া পুরসভা সূত্রে খবর, মঙ্গলবার থেকেই রাস্তা সম্প্রসারণের কাজ শুরু হবে। উলুবেড়িয়ার কৈজুড়ি থেকে জেটিঘাট পর্যন্ত ৪.১ কিলোমিটার রাস্তা সম্প্রসারণে খরচ হবে সাড়ে চার কোটি টাকা। ও টি রোড সাত মিটার চওড়া হবে। রাস্তার দু’পাশে থাকবে চার ফুটের ফুটপাত। পরে এই রাস্তা সুদৃশ্য আলো দিয়ে সাজিয়ে তোলা হবে। 
Advertisement
উলুবেড়িয়ায় ফুটপাত দখল করে ব্যবসায়ীরা দোকান সাজানোয় বাধ্য হয়ে পথচারীদের রাস্তা দিয়ে হাঁটতে হয়। পাশাপাশি যানবাহনের সংখ্যাও প্রচুর বেড়ে গিয়েছে। শহরে যানজটের অন্যতম কারণ হল এই দু’টি। যার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে গঙ্গারামপুর মোড় থেকে জেটিঘাট পর্যন্ত এই সমস্যা চরমে উঠেছে। এই সমস্যা দূর করতে উলুবেড়িয়ায় একটি বাইপাস রাস্তা নির্মাণের পাশাপাশি শহরের বুক চিরে যাওয়া ওড়িশা ট্রাঙ্ক রোডকে সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়। ও টি রোড সম্প্রসারণ প্রসঙ্গে উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস বলেন, রাজ্য সরকারের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়ের উদ্যোগে এই রাস্তা সম্প্রসারণ করা হচ্ছে। প্রথম পর্যায়ে কৈজুড়ি থেকে গোরুহাটা পর্যন্ত সম্প্রসারণ হবে। পরবর্তী পর্যায়ে গোরুহাটা মোড় থেকে জেটিঘাট পর্যন্ত কাজ হবে। ও টি রোড সম্প্রসারণের পাশাপাশি পথচারীদের সুবিধার্থে রাস্তার দু’পাশে ফুটপাত নির্মাণ করে রেলিং দিয়ে ঘিরে দেওয়া হবে। পরে গোটা রাস্তায় সুদৃশ্য আলোর ব্যবস্থা করা হবে।
সম্পর্কিত সংবাদ