জয়পুর: মিনি স্কার্ট, হাফপ্যান্টের মতো খাটো পোশাক পরে মন্দির চত্বরে প্রবেশ করা যাবে না। রাখা যাবে না মোবাইল ফোনও। পবিত্রতা রক্ষার লক্ষ্যে এবার এমনই সিদ্ধান্ত নিল উদয়পুরের একলিঙ্গজি মন্দির কর্তৃপক্ষ। শুক্রবার এইসংক্রান্ত একটি নির্দেশিকাও জারি করা হয়েছে। শুরু থেকেই মন্দির প্রাঙ্গণে ছবি তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। দর্শনার্থীদের পোষ্য নিয়ে প্রবেশের ক্ষেত্রেও বিধিনিষেধ জারি রয়েছে। এর আগে মন্দিরে প্রবেশ করতে হলে ফোন বন্ধ রাখতে হত। এবার সেই নিয়মে বদল এল। এনিয়ে মন্দির কমিটির তরফে জানানো হয়েছে, ওই নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে অনেকে ভিতরে ঢুকে ফোন ব্যবহার শুরু করে দিতেন। তাছাড়া অনেকেই খাটো পোশাক পরে মন্দিরে চলে আসেন। সম্প্রতি এনিয়ে অভিযোগ জানান দর্শনার্থীদের একাংশ। আর তার জেরেই এই নতুন নিয়ম জারি করা হয়েছে।



