উদয়পুর, ২৬ নভেম্বর: রাজার রাজত্বের দিন শেষ। শুধুই পড়ে রয়েছে সম্পত্তি ও সিংহাসন। তার দখল নিয়েই উত্তেজনা ছড়াল রাজস্থানের উদয়পুরে। মেবারের রাজ পরিবারের সদস্য তথা বিজেপি বিধায়ক বিশ্বরাজ সিং মেবারের অভিষেককে কেন্দ্র করেই অশান্তির সূত্রপাত। চলতি মাসের শুরুতেই বিশ্বরাজের বাবা মহেন্দ্র সিং মেবার প্রয়াত হন। তারপরই গতকাল, সোমবার অভিষেক হয় বিশ্বরাজের। যার ফলে চিত্তরগড় দুর্গের রাজপরিবারের প্রধান হন তিনি। অভিযোগ, গতকাল সন্ধ্যায় অনুগামীদের নিয়ে উদয়পুর রাজপ্রাসাদে যখন ঢুকতে যান বিশ্বরাজ, তখনই তাঁকে বাধা দেওয়া হয়। উদয়পুরের রাজপ্রাসাদটি বিশ্বরাজের কাকা শ্রীজি অরবিন্দ সিং মেওয়ার এবং তাঁর সন্তানদের নিয়ন্ত্রণে রয়েছে। সেই প্রাসাদেই গতকাল, বিশ্বরাজ প্রবেশ করতে গেলে পথ আটকান তুতোভাই ডাঃ লক্ষ্যরাজ সিং। অভিযোগ, তারপরই অশান্তি শুরু হয় দু’পক্ষের মধ্যে। বিজেপি বিধায়ক বিশ্বরাজের অনুগামীরা ওই প্রাসাদের গেট টপকে ভিতরে প্রবেশের চেষ্টা করে। পাথর ছোড়ে লক্ষ্যরাজ সিংয়ের অনুগামীদের দিকে। পাল্টা বিশ্বরাজের অনুগামীদের লক্ষ্য করেও ইট-পাথর ছুড়তে থাকে ডাঃ লক্ষ্যরাজের অনুগামীরা। যার ফলে জখম হয়েছেন অনেকেই। পুলিসের তরফে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। সূত্রের খবর, একলিঙ্গনাথ মন্দির এবং উদয়পুর প্রাসাদ, এই দুইয়েরই দায়িত্বে রয়েছেন অরবিন্দ সিং এবং তাঁর পরিবার। তিনি শ্রী একলিঙ্গজি ট্রাস্টের চেয়ারম্যান এবং ম্যানেজিং ট্রাস্টি পদে রয়েছেন। গত রবিবারই ওই সংস্থার তরফে নোটিস জারি করে জানিয়ে দেওয়া হয়, বিজেপি বিধায়ক বিশ্বরাজ সিং ওই ট্রাস্টের সদস্য নন। নিরাপত্তার কারণে অনুমতি ছাড়া কাউকেই উদয়পুরের প্রাসাদে ঢুকতে দেওয়া হবে না। তারপরও জোর করে ওই প্রাসাদে বিশ্বরাজ প্রবেশ করতে গেলে গণ্ডগোল বাঁধে। এরকম কোনও অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আগে থেকেই অনুমান করেছিল পুলিস। তাই ওই এলাকায় মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিস বাহিনী।



