Bartaman Logo
২৭ মে, ২০২৬

উদয়পুরে গাড়ি-ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ, মৃত ৫

উদয়পুরে গাড়ি-ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ, মৃত ৫
  • ২২ নভেম্বর, ২০২৪ ০০:০০
উদয়পুর, ২২ নভেম্বর: ভয়াবহ দুর্ঘটনা ঘটল রাজস্থানের উদয়পুরে। ডাম্পারের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষ। মৃত্যু হল ৫ জনের। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে উদয়পুরের আম্বারি গ্রামের কাছে। পুলিস সূত্রে খবর, আম্বারি থেকে দেবারির দিকে যাচ্ছিল একটি গাড়ি। সেই সময় আচমকাই উল্টো দিক থেকে চলে আসে দ্রুতগতিতে থাকা একটি ডাম্পার। গাড়িটির সামনে সজোরে ধাক্কা মারে। অকুস্থলেই মৃত্যু হয় গাড়িতে থাকা ৫ যাত্রীর। পুলিস সূত্রে খবর, মৃতেরা হলেন হিম্মত খটিক (৩২), পঙ্কজ নাগারচি (২৪), গোপাল নাগারচি (২৭) এবং গৌরব জিনগর (২৩)। পঞ্চম ব্যক্তির নাম-পরিচয় এখনও জানা যায়নি। সকলেই দেলওয়ারা এলাকার বাসিন্দা। মৃতদের মধ্যে সুখের থানার হেড কনস্টেবলের ছেলেও রয়েছেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনার পরই অকুস্থলে আসে সুখের থানার পুলিস ও উদ্ধারকারী দল। ডাম্পারের সঙ্গে মুখোমুখি ধাক্কার পর গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়েছিল। কোনওরকমে দেহগুলি গাড়ি থেকে বের করা হয়। সাহায্যের জন্য এগিয়ে আসেন স্থানীয়রাও। এরপর মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার জেরে হাইওয়েতে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে অবশ্য পুলিস যানজট নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যেই ডাম্পারটি আটক করা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ