Bartaman Logo
২৭ মে, ২০২৬

উধমপুরে গুলিবিদ্ধ অবস্থায় দুই পুলিসকর্মীর মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য

উধমপুরে গুলিবিদ্ধ অবস্থায় দুই পুলিসকর্মীর মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য
  • ৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শ্রীনগর: সাত সকালেই গুলিবিদ্ধ অবস্থায় দুই পুলিসকর্মীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল উপত্যকায়। আজ, রবিবার জম্মু ও কাশ্মীরের উধমপুরে ঘটেছে ঘটনাটি। এদিন সকাল ৬টা ৩০ মিনিট নাগাদ উধমপুরের রেম্ভাল থানার কাছে খবর পৌঁছয় দুই পুলিসকর্মী কালীমাতা মন্দিরের কাছে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয়রাই সেই খবর দেয় বলে জানা গিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় রেম্ভাল থানার পুলিস। তাঁরা গিয়ে দেখেন দু’জন পুলিসকর্মী গাড়িতে গুলিবিদ্ধ হয়ে মৃত অবস্থায় পড়ে রয়েছেন। পুলিসের প্রাথমিক অনুমান, দু’জনে আত্মহত্যা করেছেন। আবার একে ওপরের উপর গুলি চালানোর বিষয়টিও উড়িয়ে দিচ্ছে না জম্মু ও কাশ্মীর পুলিস। তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে ফরেন্সিক বিভাগ। জানা গিয়েছে, এদিন সকালে কাশ্মীরের বারামুলা থেকে বিভাগের গাড়িতে করে রিয়াসির তালওয়াড়াতে ট্রেনিং সেন্টারে যাচ্ছিলেন ওই দুই পুলিসকর্মী। মৃতদের মধ্যে একজন পুলিসের গাড়ির চালক, অন্য জন হেড কনস্টেবল ছিলেন বলে জানিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ