Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যেই অপারেশন, সন্তান প্রসব

উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যেই অপারেশন, সন্তান প্রসব
  • ২২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, উলুবেড়িয়া: দীর্ঘ প্রতীক্ষার অবসান। শনিবার শ্যামপুর ২ ব্লকের ঝুমঝুমি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে সিজার রুম চালু হল। আর উদ্বোধনী অনুষ্ঠান চলাকালীনই নবনির্মিত সিজারিয়ান বিভাগে এক প্রসূতির অপারেশন করে একটি সন্তান প্রসব করানো হয়। এদিন একটি সভাঘরেরও উদ্বোধন হয়। সিজার রুম এবং সভাঘর তৈরিতে খরচ হয়েছে ১ কোটি ৭১ লক্ষ টাকা। শ্যামপুর বিধানসভা এলাকায় দুটি ব্লক আছে। হাওড়া জেলার একদম প্রত্যন্ত এই এলাকার জনসংখ্যা প্রায় লাখ তিনেক। দু’টি ব্লকে দু’টি গ্রামীণ হাসপাতাল থাকলেও এখানে কোনও সিজারিয়ান বিভাগ ছিল না। ফলে প্রসূতি মহিলাদের ৪০ কিলোমিটার দূরে উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিক্যাল কলেজে যেতে হতো।
Advertisement
প্রশাসন সূত্রে খবর, চলতি বছরে এই গ্রামীণ হাসপাতালে ৩১১ জন প্রসূতির নরমাল ডেলিভারি হয়েছে। কিন্তু ৩৪৭ জনকে সিজারের জন্য স্থানান্তরিত করা হয়েছে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক কিশলয় দত্ত জানান, আপাতত এখানে দু’দিন করে সিজার হবে। তবে আরও উন্নত পরিষেবা দিতে ইতিমধ্যে স্ত্রীরোগ বিশেষজ্ঞ নিয়োগ করা হয়েছে এই হাসপাতালে। শিশুরোগ বিশেষজ্ঞ নিয়োগের চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি এই গ্রামীণ হাসপাতালে সিজারিয়ান বিভাগ চালু হওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন হাওড়া জেলা পরিষদের জনস্বাস্থ্য দপ্তরের কর্মাধ্যক্ষ জুলফিকার আলি মোল্লা এবং শ্যামপুর ২ পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ দীপক দাস। অনুষ্ঠানে ছিলেন হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস, সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য, বিধায়ক কালীপদ মণ্ডল, উলুবেড়িয়ার মহকুমা শাসক মানসকুমার মণ্ডল প্রমুখ।  
সম্পর্কিত সংবাদ