Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

উচ্চ প্রাথমিক: বাংলা-ইংরেজি কাউন্সেলিংয়েও অনুপস্থিত ২০ শতাংশের বেশি চাকরিপ্রার্থী

উচ্চ প্রাথমিক: বাংলা-ইংরেজি কাউন্সেলিংয়েও অনুপস্থিত ২০ শতাংশের বেশি চাকরিপ্রার্থী
  • ১২ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উচ্চ প্রাথমিকে বাংলা মাধ্যমের বিষয়গুলির কাউন্সেলিং শুরু হতেই চাকরিপ্রার্থীদের অনুপস্থিতির একই চিত্র সামনে এল। সোমবার থেকে বাংলা এবং ইংরেজি ভাষার কাউন্সেলিং শুরু হয়েছে। প্রথম দিন বাংলার জন্য ডাক পেয়েছিলেন ৩৫০ জন প্রার্থী। ইংরেজির জন্য ডাকা হয়েছিল ৩৫৭ জনকে। দিনের শেষে দেখা যাচ্ছে, বাংলায় ৬৮ জন এবং ইংরেজিতে ৭৬ জন অনুপস্থিত। অর্থাৎ, মোট ৭০৭ জনের মধ্যে অনুপস্থিত ছিলেন ১৪৪ জন। প্রসঙ্গত, ইতিপূর্বে অন্য ভাষা মাধ্যমের কাউন্সেলিংয়েও বহু প্রার্থী অনুপস্থিত ছিলেন। চাকরির দাবিতে বিস্তর ধর্না-আন্দোলনের মধ্যে ২০ শতাংশের বেশি প্রার্থীর অনুপস্থিতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীরা আশায় বুক বাঁধছেন। আর সরকার তথা এসএসসির চিন্তা বাড়ছে কারণ, সেরা চাকরিপ্রার্থীদের শিক্ষক হিসেবে স্কুলে পাওয়া যাচ্ছে না।
Advertisement
ওয়াকিবহাল মহলের দাবি, যে প্রার্থীরা কাউন্সেলিংয়ে উপস্থিত হননি, তাঁরা অন্য সরকারি চাকরি পেয়ে গিয়েছেন। না হলে কেউ সরকারি চাকরির কাউন্সেলিংয়ে সাধারণত অনুপস্থিত হন না। ফলে, যেভাবে প্রচার করা হয় যে মেধাবী যুবক-যুবতীরা সবাই বেকার হয়ে বসে রয়েছেন, আদতে তা নয়। তাঁরা ইতিমধ্যে বিকল্প চাকরি পেয়ে গিয়েছেন। আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের নেতা সুশান্ত ঘোষ বিস্তারিত ব্যাখ্যা করেছেন বিষয়টি। তিনি জানান, এই তালিকায় অনেকেই রয়েছেন, যাঁরা ২০০৯ বা ২০১০ সাল থেকে প্রাথমিকে শিক্ষকতায় নিযুক্ত। ২০১৬ সালে উচ্চ প্রাথমিকের বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ায় এবং যোগ্যতামান মিলে যাওয়ায় তাঁদের অনেকে আবেদন করেন। কিন্তু নিয়োগ হতে আট বছরেরও বেশি সময় পেরিয়ে যাওয়ায় তাঁরা এখন আর চাকরি পরিবর্তন করতে চাইছেন না। ইতিমধ্যে অনেকে নিজস্ব ব্লকে চাকরি পেয়ে গিয়েছেন। ইনক্রিমেন্ট পেয়ে তাঁদের বেতন উচ্চ প্রাথমিকের প্রারম্ভিক বেতনের বেশি বা সমান হয়ে গিয়েছে। অনেকেই নিশ্চিত নন, সরকারি সার্ভিস ‘কন্টিনিউইটি’ দেবে কি না। তা না দিলে তাঁদের পছন্দের স্কুল, সন্তোষজনক বেতনের পাশাপাশি পেনশনও প্রশ্নের মুখে পড়ে যাবে। 
নিয়ম অনুযায়ী, ২০ বছর চাকরি হলে পুরো পেনশন এবং ১০ বছর চাকরিতে অর্ধেক পেনশন মেলে। নতুন করে চাকরিতে যোগ দিলে অনেকের সম্পূর্ণ চাকরি জীবনই এত দীর্ঘ হবে না। এছাড়া অনেকে পিএসসি মিসলেনিয়াস, রেল, আইসিডিএস ইত্যাদি ক্ষেত্রেও  চাকরি পেয়ে গিয়েছেন বলে জানান তিনি। এই পরিস্থিতিতে দাবি উঠেছে, ওয়েটিং লিস্ট থেকে প্রার্থীদের ডেকে দ্বিতীয় দফার কাউন্সেলিংও শুরু করে দেওয়া হোক। সেক্ষেত্রে তাঁরাও ৩১ ডিসেম্বরের মধ্যে কাজে যোগ দিতে পারবেন এবং জুলাইয়ে ৩ শতাংশ ইনক্রিমেন্ট পাবেন। কিন্তু ২ জানুয়ারি জয়েন করলে তা থেকে বঞ্চিত হবেন তাঁরা।
সম্পর্কিত সংবাদ