বিশেষ সংবাদদাতা, শ্রীনগর: আধুনিক প্রযুক্তির সঙ্গে হাত মেলাল ঐতিহ্য। কাশ্মীরের ডাল লেকে শিকারা পরিষেবা চালু করল বহুজাতিক কোম্পানি উবার। ফলে মোবাইলে আঙুল ছুঁইয়ে করা যাবে শিকারা বুকিং। এর ফলে পর্যটকরা অ্যাপের মাধ্যমে আগাম শিকারা বুকিংয়ের সুযোগ পাবেন। ব্যবসায়ীদের মতে, উপত্যকায় পর্যটন ব্যবসাকে উৎসাহিত করবে এই উদ্যোগ। সাংস্কৃতিক ঐতিহ্যের পুনরুজ্জীবনেও তা বড় ভূমিকা নেবে।
Advertisement
বহুজাতিক এই সংস্থার পদক্ষেপে অত্যন্ত খুশি চালক ও পর্যটকরা। শিকারা অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ওয়ালি মহম্মদ ভাটের কথায়, ‘উবারের এই পদক্ষেপ আমাদের সকলের পক্ষেই লাভজনক। এই উদ্যোগ ওই সংস্থার পাশাপাশি শিকারা মালিকদের পক্ষেও ভালো। আগে অনেকেই চড়া দর ও ঘণ্টাপিছু বেশি দর নিয়ে অভিযোগ করতেন। এবার বাঁধা দর। ঘণ্টায় ৮০০ টাকা। এতে যেমন ভাড়ার ক্ষেত্রে স্বচ্ছতা আসবে, তেমনই মালিক ও পর্যটকদেরও সুবিধা হবে। এখনও পর্যন্ত আমরা বেশ ভালো সাড়া পেয়েছি। এখন শীতের মরশুম চলছে। গ্রীষ্ম ও শরতে বুকিং বাড়বে বলেই আশা।’ ভাট আরও জানান, এই পরিষেবা শুরু হয়েছে ১০টি শিকারা দিয়ে। চাহিদা বাড়লে এই সংখ্যা আরও বাড়বে।
স্বস্তি পেয়েছেন পর্যটকরাও। ভরা মরশুমে ভাড়ার নাগাল পেতে কালঘাম ছোটে অনেকেরই। এবারে সেই ঝঞ্ঝাট থেকে মুক্তি মিলবে বলে আশা পর্যটকদের। দিল্লির বিশাল শর্মার কথায়, ‘আগে তো শিকারাওয়ালাদের কথামতোই ভাড়া দিতে হতো। এখন সবকিছু মোবাইলেই হবে। হোটেলে বসেই শিকারা সফর ঠিক করা যাবে।’