সংবাদদাতা, উলুবেড়িয়া: দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক ট্রাকচালকের। আহত হলেন তিনজন। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার রাতে, ১৬ নম্বর জাতীয় সড়কে, উলুবেড়িয়া থানার মনসাতলা উড়ালপুলে। মৃত ট্রাক চালকের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি মৃতের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত ১০টা নাগাদ একটি কন্টেনারবাহী ট্রাক কলকাতার দিকে যাচ্ছিল। মনসতলা উড়ালপুলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার টপকে কোলাঘাটমুখী লেনে চলে যায়। তখনই কোলাঘাট অভিমুখে যাওয়া একটি ট্রাকের সঙ্গে ওই কন্টেনারবাহী ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দু’টি ট্রাকেরই সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুই চালক সহ চারজন গুরুতর জখম হন। দুর্ঘটনার পর পুলিশ ও স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজে নিয়ে যান। সেখানে চিকিৎসক এক ট্রাকচালককে মৃত বলে ঘোষণা করেন। এদিকে এই দুর্ঘটনার জেরে জাতীয় সড়কের কোলাঘাটমুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় আধ ঘণ্টা পর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ ট্রাক দু’টিকে আটক করেছে।