নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ছাত্র সংগঠন এবিভিপির তরফে দেওয়া স্বামী বিবেকানন্দের ছবি সংবলিত পোস্টারে অপশব্দ লেখার অভিযোগে দুই পড়ুয়াকে বহিষ্কার করল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। পাঁচজন সদস্যের তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে শুক্রবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে তাঁদের চিহ্নিত করা হয়। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, এই দুই পড়ুয়ার স্টুডেন্টশিপ বাতিল করা হয়েছে। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের কোনো কোর্সে ভরতিও হতে পারবেন না তাঁরা। পড়াশোনা শেষে বিশ্ববিদ্যালয়ের কোনো অ্যাকাডেমিক কার্যকলাপের অংশীদারও হতে পারবেন না এই দু’জন। রেজিস্ট্রার দেবজ্যোতি কোনার বলেন, ‘প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় সবসময়ই মর্যাদাপূর্ণ অ্যাকাডেমিক বিষয়ে আলোচনা ও বিতর্কের পাশে থেকেছে। এখানে বিভিন্ন বৈজ্ঞানিক এবং সামাজিক-রাজনৈতিক ইস্যুতে আলোচনা ও বিতর্ক হয়। এই প্রতিষ্ঠান কখনওই কোনো চিন্তাবিদ, কোনো ধারণা বা সংগঠনের মর্যাদাহানি সহ্য করবে না।’
প্রসঙ্গত, ১৪ জুলাই জাতীয় ছাত্র দিবস উপলক্ষ্যে এই পোস্টার লাগানো হয়েছিল। তাতে ‘ধর্ষক’ ছাড়াও নানা অপশব্দ লিখে দিয়েছিলেন অভিযুক্ত দুই পড়ুয়া। ১৬ অক্টোবর এর প্রতিবাদে বিক্ষোভ দেখান এবিভিপির সদস্যরা। কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ও।
অন্যদিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পিএইচ ডি অ্যাডমিশন নিয়ে বিভিন্ন মহল থেকে দুর্নীতির অভিযোগ আগেই উঠেছিল। তার জেরে বিগত পাঁচ বছরে কোন কোন গাইডের অধীনে কতজন পিএইচ ডি করেছেন, সেই সংক্রান্ত তথ্য জমা দিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই তথ্য চেয়ে বিশ্ববিদ্যালয়কে আগেই চিঠি দিয়েছিল উচ্চশিক্ষা দপ্তর। মূলত, আর্টস ফ্যাকাল্টির বিভিন্ন বিভাগের তথ্যই গুরুত্ব দিয়ে যাচাই করতে চাইছে বিকাশ ভবন।



