নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে গেলেন দুই রোগী। দুই পরিবারের তরফেই থানায় এনিয়ে অভিযোগ দায়ের হয়েছে।
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে গেলেন দুই রোগী। দুই পরিবারের তরফেই থানায় এনিয়ে অভিযোগ দায়ের হয়েছে।
সূত্রের খবর, একজনের নাম বিমল ঘোষ। বছর একান্নর ওই ব্যক্তির বাড়ি বরানগর। জ্বর ও হার্টের সমস্যা নিয়ে বৃহস্পতিবার তিনি এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মেডিসিন বিভাগের ছ’তলায় ২২ নম্বর বেডে ভরতি ছিলেন। পরিবারের অভিযোগ, শুক্রবার বেলা ১১টা নাগাদ তাঁরা বিমলবাবুর সঙ্গে দেখা করতে গিয়ে দেখেন, বেডে তিনি নেই। কর্তব্যরত কর্মীরা জানান, তাঁকে কোনো টেস্ট করাতে নিয়ে যাওয়া হয়েছে। ওয়ার্ডবয়রা আবার জানান, বাথরুমে গিয়েছিলেন তিনি। আশপাশের রোগীরা বলেন, সকাল ৮টার পর আর দেখা যায়নি তাঁকে। তারপরই বিষয়টি জানানো হয় হাসপাতাল কর্তৃপক্ষকে।
আরেকজন নিখোঁজ রোগীর নাম দীপান্বিতা রায়। বছর ২৩-এর ওই তরুণী চিৎপুরের বাসিন্দা। হাসপাতালের চারতলায় টিসিইউ ওয়ার্ডের ১ নম্বর বেডে ভরতি ছিলেন তিনি। পরিবারের দাবি, শুক্রবার রাত সাড়ে ৯টা থেকে তরুণীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রাতেই চিৎপুর থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়। পুলিশ ও হাসপাতাল সূত্রে খবর, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। হাসপাতালের এমএসভিপি ডাঃ সপ্তর্ষি চট্টোপাধ্যায় সংবাদমাধ্যমে জানান, দীপান্বিতার ছুটি হয়ে গিয়েছিল। তাঁরা ডিসচার্জ সার্টিফিকেট না নিয়েই বেরিয়ে যায়। বিমল ঘোষের ক্ষেত্রেও অভিযোগ হয়েছে। দু’জনের ক্ষেত্রেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে