নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পাটের মরশুমে বাজারদর নিয়ে স্বস্তির ছবি তুলে ধরল রাজ্য। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, পাটচাষিদের উৎপাদিত দ্রব্যের ন্যায্য ও লাভজনক দাম নিশ্চিত করতে কেন্দ্র ও রাজ্য সরকার একাধিক পদক্ষেপ করেছে। সরকারি তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গের বিভিন্ন বাজারে কাঁচা পাটের দাম এখন কুইন্টাল প্রতি ১০ হাজার টাকার উপরে। কোথাও কোথাও তা পৌঁছেছে ১২ হাজার ৫০০ টাকায়। নজরদারি ও ন্যূনতম সহায়ক মূল্যে (এমএসপি) সরকারি ক্রয়ের জেরেই পাটের দরে এই স্থিতিশীলতা বলে দাবি করেছে সরকার। চলতি মরশুমে টিডি ৩ মানের পাটের এমএসপি নির্ধারিত হয়েছে ৫,৯২৫ টাকা প্রতি কুইন্টাল। ২০১৪ সালের তুলনায় এই দর আড়াই গুণ বেড়েছে। এই দরে পাট কেনাও শুরু করেছে জুট কর্পোরেশন অব ইন্ডিয়া। সরকারের যুক্তি, বাজারদর এমএসপির অনেক উপরে থাকায় চাষিরা ভাল দাম পাচ্ছেন।



